ক্রেনে ঝুলে একদিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুপার বয়ফ্রেন্ড’ নাটকে শিমুল খান ও তৌসিফ মাহবুব
‘সুপার বয়ফ্রেন্ড’ নাটকে শিমুল খান ও তৌসিফ মাহবুব

সুপারম্যান ও স্পাইডারম্যান সিরিজের ছবিগুলোর ভীষণ ভক্ত টেলিভিশন নাটকের এ প্রজন্মের অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব। কিন্তু নিজেই যে একদিন এই ধরনের ছবির আদলে তৈরি নাটকে সুপারম্যানের চরিত্রে অভিনয় করবেন তা কখনোই ভাবেননি। ‘সুপার বয়ফ্রেন্ড’ নামের এক ঘণ্টার একটি নাটকে অভিনয় করলেন ছোট পর্দার এই অভিনয়শিল্পী।


এ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘এটি গতানুগতিক ধারার বাইরের একটি নাটক। পরিচালকের কাছে গল্প শোনার পরই কাজটি করতে রাজি হয়ে গেলাম। মনে হয়েছে মোটেও ভুল করিনি।’

সুপার বয়ফ্রেন্ড নাটকের কাজ করতে গিয়ে কম কষ্ট করতে হয়নি তৌসিফের। টানা একটা দিন যে কয়টা দৃশ্যেই তিনি অভিনয় করেছেন সবকটিতে তাঁকে ক্রেনে ঝুলেই শর্ট দিতে হয়েছে। শুটিংয়ের আগে তিন দিন ধরে সিনেমার ফাইট ডিরেক্টরের কাছে মারামারির কৌশলও শিখেছেন।

তৌসিফ বলেন, ‘নাটকে এ ধরনের কাজ আগে কখনো করা হয়নি । ক্রেনে ঝুলে শুটিং করতে খুব কষ্ট হয়েছে। মার্শাল আর্ট শিখতে গিয়ে তো পুরো শরীরে ব্যথা হয়ে গেছে। শুটিং শেষ করার পর দেখি গায়ে জ্বরও চলে এসেছে। ’

নাটকটির পরিচালক আহমেদ জিহাদ বলেন, ‘আমাদের এখানে নাটকে এ ধরনের কাজ সাধারণত হয় না। বাজেটের কারণে যদি খুব বেশি উন্নত উন্নত কারিগরি সহায়তা পাইনি। তারপরও যতটুকু করা হয়েছে তাতে দর্শকেরা নাটকে একটা ভিন্ন স্বাদ পাবেন, মজাও পাবেন।’

‘সুপার বয়ফ্রেন্ড’ নাটকে তৌসিফ মাহবুব
‘সুপার বয়ফ্রেন্ড’ নাটকে তৌসিফ মাহবুব

উত্তরার বিভিন্ন লোকেশনে তিন দিন ধরে কাজ করে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান এই পরিচালক। ‘সুপার বয়ফ্রেন্ড’ নাটকে তৌসিফ ছাড়াও অভিনয় করেছেন শেহতাজ আর শিমুল খান।