
১৯৯৪-৯৫ সালের দিকে নাট্যাচার্য সেলিম আল দীন চুমকি নাটকটি লিখতে গিয়ে নায়িকার পোশাকের বর্ণনা দিয়েছেন এভাবে ‘...সঙ্গে এক তরুণী, চোখে চশমা। হাল অভিরুচির স্বাক্ষর আছে। ওর কালো ফ্রকে সাদা ঘোড়া বা হাতির মোটিফ।’
চিত্রনাট্যে লেখা পোশাকের বর্ণনার সঙ্গে মিল রেখেছেন জাকিয়া বারী মম। কালো ফ্রক পরেননি, তবে কালো পোশাকে ছিল সাদা রঙের উপস্থিতি। গত সপ্তাহে রাজধানীর পরীবাগের ডিআইটি মার্কেটের ভেতরে একটি হস্তশিল্প বিক্রির প্রতিষ্ঠানে এমন পোশাক পরেই শুটিংয়ে অংশ নিলেন তিনি। সঙ্গে ছিলেন আরেক অভিনেতা এফ এস নাঈম। ঝুলন্ত হাঁড়ি, মর্মর পাথরের ছোট ছোট মূর্তি, কাঠের ঘোড়া, পাটের শিকাসহ নানা ধরনের হস্তশিল্পের মধ্যে দাঁড়িয়ে সংলাপ দিলেন দুজন। এই দৃশ্যে আরও ছিলেন অভিনয়শিল্পী শহীদুল আলম সাচ্চু ও শফিক খান। দোকানেই ধারণ করা হলো নাটকটির প্রথম দৃশ্য। নাঈম বলেন, আগের দিন রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে শুরু হয়েছে শুটিং। গফরগাঁও পর্যন্ত পুরো ট্রেন যাত্রাই ছিল শুটিংয়ের অংশ। এক দিন আগের ট্রেন যাত্রার বিন্দু পরিমাণ ধকল চোখে পড়ল না কারও মধ্যে। এর বড় কারণ নাকি চিত্রনাট্য! সেলিম আল দীনের চিত্রনাট্যে অভিনয় করার ব্যাপারটি ক্লান্তির পরিবর্তে সবার মধ্যে বাড়তি প্রেরণা জুগিয়েছে। মম বলেন, ‘আমার অভিনয়জীবনের একটা অলংকার হয়ে থাকবে স্যারের নাটকে অভিনয় করা। আর গল্পটিও অসাধারণ।’
সেলিম আল দীনের চিত্রনাট্যে এক ঘণ্টার নাটকটি নির্মাণ করছেন হাসান রেজাউল। পরিচালকের জীবনেরও এটি প্রথম নাটক। নির্মাতা বলেন, ‘আমার জীবনের স্বপ্ন ছিল স্যারের লেখা নাটক দিয়ে নিজের নির্মাণকাজ শুরু করার। সেই স্বপ্ন পূরণ হলো।’
‘চুমকি আসলে একটি বনের গল্প। স্যারের গল্প, ভাষা আর সংলাপে যেটা জীবন্ত হয়ে উঠেছে’—কথায় কথায় এ তথ্যও দিয়ে রাখলেন হাসান রেজাউল। নাটকটি এ মাসে সেলিম আল দীনের প্রয়াণ দিবসে প্রচারিত হওয়ার কথা। তা ছাড়া মম ও নাঈম জুটিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৫মিনিটে মাছরাঙা টিভিতেও দেখা যাবে। সেখানে আসাদুজ্জামান সোহাগের রচনা ও রফিক বিন রউফের পরিচালনায় রাজকুমার ও প্রজাপতির গল্প নামের টেলিছবি প্রচারিত হবে।