খবরের বাইরের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদভিত্তিক চ্যানেলগুলো সারা বছর দেশ-বিদেশের খবর সবার আগে পৌঁছে দেওয়ায় ব্যস্ত থাকে। কিন্তু উৎসবের মৌসুমে উদ্‌যাপনের হাওয়া লাগে সেখানেও। তাই এই ঈদে সংবাদভিত্তিক চ্যানেলগুলোয় যা যা থাকছে, তার খানিকটা জেনে নেওয়া যাক।

এটিএন নিউজ

চার দিনব্যাপী ঈদ উদ্‌যাপন করবে এটিএন নিউজ। ঈদের প্রথম তিন দিন রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে সুবিধাবঞ্চিত ২৩ শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠান ‘আনসাং স্টারস’ (কুড়িয়ে পাওয়া সুর)। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মুন্নী সাহা। মুন্নী সাহার গল্পভাবনা ও কামরুল হাসানের রচনা ও পরিচালনায় টেলিছবি শো-টক প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত সাড়ে নয়টায়। সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু, সংগীতশিল্পী লাকী আখান্দ্‌ ও সামিনা চৌধুরীকে নিয়ে ঈদের প্রথম তিন দিন রাত সোয়া একটায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘নিউজিক’। ‘অজানা অনন্ত’ নামের করপোরেট অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা আসবেন অতিথি হয়ে। অনুষ্ঠানটি ঈদের প্রথম তিন দিন সন্ধ্যা সাড়ে সাতটায় দেখানো হবে।

যমুনা টেলিভিশন

চাঁদরাত থেকে শুরু হবে যমুনা টিভির চার দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালা। রাত নয়টায় থাকছে সরাসরি অনুষ্ঠান ‘চাঁদরাত’। রাত ১১টায় ‘ছুটির রাতে লাইভ’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন শাফিন আহমেদ, মেহরিন, কনা ও গানের দল চিরকুট। ঈদের দিন দুপুর ১২টা ২০ মিনিটে শিশুদের জন্য ঈদের অনুষ্ঠানে দেখানো হবে ‘কিচিরমিচির’। ঈদের দিন রাত ১১টায় অতিথি নকীব খান ও ফাহমিদা নবীকে নিয়ে প্রচারিত হবে ‘গানের নিমন্ত্রণে’ অনুষ্ঠানটি। ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ‘গানের নিমন্ত্রণে’ অনুষ্ঠানের অতিথি বাপ্পা মজুমদার ও কোনাল। আর ঈদের তৃতীয় দিন একই অনুষ্ঠানে থাকবে গানের দল লালনের পরিবেশনা।

সময় টিভি

ঈদের প্রথম পাঁচ দিন সময় টিভি প্রচার করবে দুটি বিশেষ অনুষ্ঠান। ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত রাত আটটায় প্রচারিত হবে ‘পাঁচ কন্যার সংলাপ’ অনুষ্ঠানটি। এতে কথা বলবেন নায়িকা মৌসুমী, মাহিয়া মাহি, জয়া আহসান, মিম ও শিমলা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তুষার আবদুল্লাহ। এ ছাড়া পাঁচ দিনই রাত ১০টায় মোরশেদুল ইসলামের সঞ্চালনায় প্রচারিত হবে ঈদের বিশেষ ‘সম্পাদকীয়’। এতে অতিথি হয়ে আসবেন অভিনেতা ফারুক, আমজাদ হোসেন, সাহিত্যিক সেলিনা হোসেন, সংগীতশিল্পী ফরিদা পারভীন ও চিত্রশিল্পী হাশেম খান।

ইনডিপেনডেন্ট টেলিভিশন

ঈদের প্রথম তিন দিন ইনডিপেনডেন্ট টেলিভিশনে রাত আটটায় প্রচারিত হবে সেলিব্রিটি টক শো ‘ঈদ আড্ডা’। এতে অংশ নেবেন অভিনেতা আনিসুর রহমান মিলন, অভিনেত্রী শায়লা সাবি, সংগীতশিল্পী তপু, পুতুল, মডেল রাজ ও নাফিজা। সেলিব্রিটি দম্পতিদের নিয়ে অনুষ্ঠান ‘জুটিতে দুটিতে’ প্রচারিত হবে ঈদের দিন ও ঈদের পরদিন রাত নয়টায়। এতে প্রথম দিন অতিথি থাকবেন অনন্ত ও বর্ষা, দ্বিতীয় দিন মীর সাব্বির ও চুমকি। ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠান ‘ক্রিকেটের পাঁচালি’ দেখানো হবে ঈদের দিন ও ঈদের পরদিন সন্ধ্যা সাড়ে ছয়টায়। এতে প্রথম দিন অতিথি হয়ে এসেছেন ইমরুল কায়েস ও দ্বিতীয় দিন মুমিনুল।

একাত্তর টেলিভিশন

একাত্তর টেলিভিশনে ঈদের বিশেষ ‘জয়তু’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। বিশেষ ‘জয়তু’র আলোচনায় বিষয় ‘ডিজিটাল দুনিয়া ও আমরা’। এতে একেক দিন অতিথি হয়ে স্টুডিওতে থাকবেন মাহফুজ আহমেদ, জাহিদ হাসান, রিচি সোলায়মান, সামিনা চৌধুরী, নওশীন, চয়নিকা চৌধুরী, সোহানা সাবা, ইরেশ যাকের, তপু, আইয়ুব বাচ্চু, জুয়েল, ফোয়াদ নাসের বাবু। ঈদের প্রথম পাঁচ দিন ঈদের বিশেষ সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘মিউজিক বাজ’ বেলা ২টা ৩০ মিনিটে দেখানো হবে। এতে অতিথি থাকবেন ফাহমিদা নবী, নাসিম আলী খান, আবিদা সুলতানা, মেহরীন, কনা, বাপ্পা মজুমদার, সুমন, কোনাল, জয় শাহরিয়ার, বালাম, আরমিন, জামশেদ, সুফী ও ঐশী। ঈদের পাঁচ দিনের আয়োজনে প্রতিদিন রাত আটটায় প্রচারিত হবে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘একাত্তর সংযোগ’। এবারের বিষয় ‘ভবিষ্যতের বাংলাদেশ’। অংশ নেবেন আলী যাকের, সৈয়দ শামসুল হক, মিতা হক, আতাউর রহমান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রোকেয়া রফিক বেবি, আকবর আলী খান, সলিমুল্লাহ খান, মুনতাসীর মামুন, আসাদ চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায় ও রোকেয়া প্রাচী।