খুটিগাছা গ্রামে 'কৃষকের ঈদ আনন্দ'
>

• সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার খুটিগাছা গ্রাম।
• খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ।
• আজ সারা দিন ধারণ করা হচ্ছে ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠান।
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার খুটিগাছা গ্রাম। জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। সেখানেই আজ সারা দিন ধারণ করা হচ্ছে ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠান। এ অনুষ্ঠান ধারণ নিয়ে খুটিগাছা গ্রামে আজ উৎসবের আমেজ। সকাল আটটা থেকে দিনব্যাপী নানা খেলাধুলা আর প্রতিযোগিতায় অংশ নিয়েছে স্থানীয় কৃষক, যুবক আর শিশু-কিশোর। দেশের প্রান্তিক মানুষ আর কৃষকদের সুখ, দুঃখ ও দিনযাপন নিয়ে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ প্রতিবছর দুই ঈদে তৈরি করেন এ অনুষ্ঠান। ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করছেন তিনি।
জানা গেছে, আজ এখানে যেসব খেলার আয়োজন করা হয়েছে, তার মধ্যে আছে কলাগাছে ওঠা, চোখ বেঁধে পানির ওপর বালিশ লড়াই, মামা-ভাগনে দৌড়, টোংগাবল খেলা, চাড়িবাইচ (মাটির তৈরি), জামাই সাজানো, পাওয়ার টিলার রেস ইত্যাদি। দিনের শুরুতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মধ্যবয়সী কৃষকদের নিয়ে শুরু হয় পানির ওপর বালিশ লড়াই। এরপর ধারাবাহিকভাবে একে একে শেষ হয় কলাগাছে ওঠা, মামা-ভাগনে দৌড়, টোংগাবল খেলা, চাড়িবাইচ (মাটির তৈরি), জামাই সাজানো পাওয়ার টিলার রেস।

আয়োজকদের মতে, প্রতিটি খেলায় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই আবার বাছাইপর্বে বাদ পড়ে আক্ষেপ করেছেন। তবে এমন আয়োজনের প্রত্যক্ষদর্শী হতে পেরে খুশি গোটা তাড়াশ উপজেলার খুটিগাছা গ্রামের মানুষজন।
চ্যানেল আইয়ে এবার ঈদুল ফিতরের পরদিন বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। ঈদের আগের দিন রাত সাড়ে ১১টায় একই চ্যানেলে প্রচারিত হবে ‘কৃষকের ঈদ আনন্দ’ তৈরির পেছনের গল্প।