খুদে নির্মাতাদের সঙ্গে জয়া ও মিথিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া আহসান  ছবি: রিয়াদ সিকদার
জয়া আহসান ছবি: রিয়াদ সিকদার

শিশু নিপীড়নের মতো গম্ভীর বিষয় ছিল সেমিনারের। কিন্তু খুদে সিনেমাপ্রেমীদের আবদারের সামনে সব গাম্ভীর্যই যেন ম্লান হয়ে গেল। আনুষ্ঠানিকভাবে সেমিনারের ইতি টানার পরই এর সঞ্চালক মিথিলার কাছে এল গানের অনুরোধ। বেশ কয়েক বছর গান থেকে দূরে থাকা মিথিলা সেই অনুরোধ ফেলতে পারলেন না। গেয়ে শোনালেন তাহসানের সঙ্গে গাওয়া ‘রোদেলা দুপুর’ গানটি। একটু ভারী, একটু হালকা, একটু গাম্ভীর্য তো একটু ঠাট্টা—এভাবেই হয়ে গেল নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের অংশ হিসেবে আয়োজিত সেমিনার।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শুরু হয় সেমিনার। এতে মূল বক্তা ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র ডেপুটি ডিরেক্টর গীতা চক্রবর্তী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলা। তবে গান কিংবা অভিনয়ের মানুষের পরিচয়ে নয়, মিথিলা এতে অংশ নেন ব্র্যাক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার (এডুকেশন) হিসেবে। তা ছাড়া মিথিলা এখন স্নাতকোত্তর করছেন ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ বিষয়ে। তাই যখন উৎসব আয়োজক চিলড্রেনস ফিল্ম সোসাইটির কাছ থেকে সেমিনারে অংশ নেওয়ার প্রস্তাব পান, আর ফেলতে পারেননি। সেমিনার পর্বটির সমন্বয়ক হিসেবে ছিলেন সাদিয়া তাবাসসুম। মূল বক্তব্য উপস্থাপনের পাশাপাশি কীভাবে শিশু নিপীড়নের মতো বিষয়গুলো নিয়ে খুদে চলচ্চিত্র নির্মাতারা কাজ করতে পারে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে পারে—এ নিয়েও আলোচনা হয়। হয় প্রশ্নোত্তর পর্বও।

মিথিলা l ছবি: সাবিনা ইয়াসমীন
মিথিলা l ছবি: সাবিনা ইয়াসমীন

মিথিলার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সকাল কাটিয়ে সন্ধ্যায় খুদে সিনেমাপ্রেমীরা অংশ নেয় ‘অন্তরঙ্গ আড্ডা’ নামে বিশেষ কথোপকথন পর্বে। এই পর্বে গতকাল অতিথি ছিলেন অভিনেত্রী জয়া আহসান। শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কালাম মিলনায়তনে জয়ার আগমনের খবর শুনে পুরো উৎসব যেন এক ছাদের নিচে এসে জড়ো হয়। আড্ডার ছলে বিকেল পাঁচটায় শুরু হওয়া এই অনুষ্ঠান চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। জয়ার এখন কেমন আছেন থেকে শুরু করে কঠিন কঠিন সব ফিল্মি-তত্ত্ব নিয়েও প্রশ্ন করে খুদে ভক্তরা। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রের খুদে নির্মাতাদের পাশাপাশি এই কথোপকথন পর্বে অংশ নেয় চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের স্বেচ্ছাসেবক ও সাধারণ দর্শকেরাও।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কাল বৃহস্পতিবারও রয়েছে এমন একটি কথোপকথন পর্ব। সেই পর্বে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়া।