খুব বুঝে অভিনয় করতাম, তা না: তিন্নি

বহু দিন পর কোনো টেলিভিশনের অনুষ্ঠানে কথা বললেন তিন্নি। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থাপিকা মুনমুনের নানা প্রশ্নের জবাব দিয়েছেন মডেল ও অভিনেত্রী তিন্নি। বাংলাভিশনের এ অনুষ্ঠানটির নাম ‘আমার আমি’।
দীর্ঘদিন অভিনয় কিংবা পর্দা থেকেও দূরে ছিলেন এই অভিনেত্রী। দ্বিতীয় বিয়ের ঘোষণা, অনেক দিন পর অভিনয়—সব মিলিয়ে আবারও আলোচনায় এসেছেন তিন্নি। এসব নিয়েই সাক্ষাৎকারধর্মী টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি বাংলাভিশনের নিজস্ব স্টুডিওতে ‘আমার আমি’ অনুষ্ঠানের দৃশ্যধারণ করা হয়েছে। ৫ মার্চ রাত নয়টা পাঁচ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
এই দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে কথা বলতে কেমন লাগল তাঁর? তিনি জানিয়েছেন, কিছুটা নার্ভাস লেগেছে। আগে যখন নিয়মিত কাজ করতেন। তখন এমনটা হতো না। তখন ক্যামেরার সামনে দাঁড়াতেন আর অবলীলায় সংলাপ বলে যেতেন।
তিন্নি বলেন, ‘আমি যে খুব বুঝে অভিনয় করতাম, তা কিন্তু না। শুধু চরিত্রটা বুঝে সেই অনুয়ায়ী সংলাপ বলার চেষ্টা করতাম।’
গত বছরের নভেম্বরে তাঁর মা কস্তুরি দত্ত মজুমদারের গল্প অবলম্বনে খণ্ড নাটক ‘একই বৃত্তে’ অভিনয় করেন এই অভিনয়শিল্পী। ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছিলেন সুজন শাহরিয়ার। সামনে আবারও নিয়মিত টিভিপর্দায় দেখতে পাওয়া যাবে এই অভিনেত্রীকে।