দেশে ফিরে কিছুটা ভালো বোধ করছেন কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ফিরে খাবার খেতে পারছেন অভিনেতা আবদুল কাদের।
ছবি:সংগৃহীত

দেশে ফিরে খাবার খেতে পারছেন অভিনেতা আবদুল কাদের। চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে কিছুই খেতে পারছিলেন না তিনি। বলা চলে, শুধু স্যালাইনের ওপরেই টিকে ছিলেন। ভারতের চিকিৎসকদের পরামর্শমতোই চলছে তাঁর চিকিৎসা। নতুন করে কেবল কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করবেন ঢাকার চিকিৎসকেরা।
দেশে ফেরার পর একটু একটু করে কথাও বলছেন কাদের। গতকাল রোববার সন্ধ্যায় দেশে ফিরেছেন এই অভিনেতা। ঢাকায় নামার আগে চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী নামিয়ে আসে চেন্নাই থেকে ছেড়ে আসা বিমানটি। সে সময় ৩০ মিনিটের যাত্রাবিরতিতে চিকেন স্যুপ ও জুস খেয়েছেন কাদের। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরই তাঁকে ভর্তি করা হয়েছে ঢাকার একটি হাসপাতালে। অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম বলেন, ‘ঢাকায় আসার পর বাবা আগের চেয়ে একটু ভালো বোধ করছেন। কিন্তু তাঁর শরীরটা আগের মতোই দুর্বল।’ তিনি জানান, চিকিৎসকেরা চেষ্টা করছেন, যাতে তাঁকে কেমোথেরাপি দেওয়া যায়। এ জন্য অভিনেতা কাদেরকে আরও কিছুটা সুস্থ হয়ে উঠতে হবে। সে চেষ্টাই করবেন ঢাকার চিকিৎসকেরা।

রোববার আবদুল কাদের ও তাঁর পরিবারকে বহনকারী বিমানটি চট্টগ্রামে অবতরণ করলে দেশের অনেকেই কথা বলেন আবদুল কাদেরের সঙ্গে। মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, ফরিদুর রেজা সাগর, হানিফ সংকেতসহ আরও অনেকে ফোন করেছিলেন তাঁকে।

উন্নত চিকিৎসার জন্য ৮ ডিসেম্বর চেন্নাইতে নেওয়া হয় আবদুল কাদেরকে
ছবি:সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য ৮ ডিসেম্বর চেন্নাইতে নেওয়া হয় আবদুল কাদেরকে। সেখানকার হাসপাতালের পরীক্ষায় তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা সংকটাপন্ন, ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। তিনি সংক্রমণের চতুর্থ স্তরে পৌঁছে গেছেন। শারীরিক দুর্বলতার কারণে তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে না।
আবদুল কাদের নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র—তিন মাধ্যমেই জনপ্রিয়। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’–এর নিয়মিত শিল্পী ছিলেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন কাদের।