গরু নিয়ে আনন্দমেলার শুটিং বিপত্তি!

সম্প্রতি ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের শুটিং থেমে ছিল প্রায় দুই ঘণ্টা। অবশ্য কোনো ট্রাফিক জ্যামে নয়; শুটিং থেমে থাকার বিষয়টি বিদ্যুৎ বিপত্তির কারণেও ঘটেনি। শুটিংয়ের প্রয়োজনে একটি গরুর জন্য অপেক্ষার কারণেই নাকি এই দুই ঘণ্টার শুটিং বিপত্তি!
রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশনের খুব কাছেই আফতাব নগর। তাই সেখান থেকেই একটি গরু আনতে বলা হয়েছিল একজনকে। ঈদের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের একটি ছোট্ট নাটিকায় গরুটিকে দেখানো হবে কোরবানির গরু হিসেবে। এর মধ্যেই শুটিংয়ের সেট ফেলা হয়েছে। সেখানেই ইউনিটের সবাই সেই গরুর জন্য অপেক্ষা করছেন। কিন্তু প্রায় দুই ঘণ্টা বসে থেকে, বারবার যোগাযোগ করেও যিনি গরু আনবেন তাঁর কোনো হদিসই নেই! পরে যখন খোঁজ মিলল তাঁর; জানা গেল— গরুর দড়ি ধরে তিনি বসে আছেন আফতাবনগরের বেড়িবাঁধে। সেখানে বসে থাকার কী কারণ? তাঁর বক্তব্য, গরুটিকে বেড়িবাঁধে নেওয়ার কথাই নাকি বলা হয়েছে ইউনিট থেকে। এতক্ষণের অপেক্ষার পর তাঁর এ কথা শুনে হাসতে হাসতে ইউনিটের সবার পেটে খিল। শেষমেশ প্রযোজক, উপস্থাপক সবাই মিলে ছুটলেন বেড়ি বাঁধ থেকে গরু আনতে। শুটিং তো করতে হবে!
‘আনন্দমেলা’ অনুষ্ঠানটির শুটিংয়ের ফাঁকে আরেক আনন্দ দিয়েছে ঘটনাটি। এ এক মজার অভিজ্ঞতা।’ বললেন অনুষ্ঠানটির উপস্থাপক আনজাম মাসুদ।
বিষয়টি আরেকটু পরিষ্কার করতে আনজাম বলেন, ‘আসলে যিনি গরু আনতে বলেছেন এবং যিনি আনবেন তাঁদের বোঝার ভুলের কারণেই এমন ঘটনা ঘটেছে।’
অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থনার কাজটিও করেছেন আনজাম মাসুদ। তিনি জানিয়েছেন, গরুর বিষয়টি ছাড়াও দর্শককে আনন্দ দিতে আরও ছোট ছোট নানান হাসির বিষয় নিয়ে একাধিক নাট্যাংশ থাকছে এবারের আনন্দমেলায়। সঙ্গে নাচ, গান তো আছেই।
এবারের অনুষ্ঠানটি নিয়ে ছয়বার আনন্দ মেলা অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনার করছেন আনজাম মাসুদ। এই ঈদে ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটিতে নতুন চমক কী থাকছে? জানতে চাইলে আনজাম মাসুদ বলেন, ‘তেমন কোনো নতুনত্ব নেই। তবে এবারের অনুষ্ঠানের গানগুলো সবই নতুন।’
নতুনত্ব না থাকার কারণ কী? প্রশ্ন করলে আনজাম মাসুদ বলেন, ‘অনেক সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয় এখন। বড় পরিসরে, বড় আয়োজনে, বড় বাজেটে কাজ করতে পারলে অনেক নতুন কিছু দেওয়া সম্ভব হতো। কিন্তু এখনকার ‘আনন্দমেলা’র জন্য বাজেট খুবই সীমিত।’
নাদিয়া-লিখনের নৃত্যের পাশাপাশি ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটিতে এককভাবে গান গেয়েছেন চন্দন সিনহা, দ্বৈত কণ্ঠে গেয়েছেন আঁখি আলমগীর-কণা, দিনাত জাহান মুন্নী-শওকত আলী ইমন ও পলাশ-দোয়েল।
অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের দিন রাতে। ‘আনন্দমেলা’ প্রযোজনা করেছেন সরোয়ার মিয়া।