গল্প ও পাণ্ডুলিপিতে প্রথমে নজর দিতে হবে

৫ নভেম্বর থেকে দুরন্ত টিভিতে শুরু হচ্ছে শিশুদের নিয়ে রিয়েলিটি শো ‘বানান মানে Spelling’। সঞ্চালনায় মৌটুসী বিশ্বাস। সঞ্চালনার অভিজ্ঞতা, অভিনয় ও ব্যস্ততা নিয়ে তাঁর সঙ্গে কথা বলল ‘বিনোদন’।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

কেমন আছেন?

ভালো আছি, বলতে পারছি না। কারণ, সাম্প্রদায়িকতার মোড়কে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, তাতে ভালো থাকা যায় না।

মৌটুসী বিশ্বাস।
সংগৃহীত

প্রশ্ন :

বললেন সন্ধ্যায় কথা বলবেন, শুটিংয়ে ব্যস্ত নাকি?

হ্যাঁ। নতুন একটি প্রকল্পে যুক্ত হয়েছি। এখনই নাম প্রকাশ করতে পারছি না। শিগগির জানাব।

প্রশ্ন :

সঞ্চালনা কেমন লাগে?

শোর বিষয়বস্তু, কারা তৈরি করছে, আয়োজন-সবকিছুর ওপর সঞ্চালনার চ‍্যালেঞ্জ নির্ভর করে। দুরন্ত টেলিভিশনের আয়োজক দল ভীষণ পেশাদার। এত বড় আয়োজন করাও একটা বিরাট ব্যাপার। সারা দেশ থেকে অডিশনের মাধ‍্যমে বাছাই করে ৬৪ জন প্রতিযোগী নিয়ে আসা। তাদের সঙ্গে বানান নিয়ে প্রতিযোগিতা করা।

মৌটুসী বিশ্বাস
সংগৃহীত

প্রশ্ন :

শিশুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

শিশুদের সঙ্গে অভিজ্ঞতা ছিল শিক্ষণীয়। কাজের মাধ্যমে শিশুরা তো আছেই, তাদের পরিবারের কাছেও পৌঁছে যাওয়া যায়। এই প্রথম শিশুদের সঙ্গে কোনো রিয়েলিটি শো করেছি।

প্রশ্ন :

চলচ্চিত্র, টেলিভিশনের পর এখন এসেছে ওটিটি। মাধ্যম বাড়ছে। ইন্ডাস্ট্রিতে কি কোনো পরিবর্তন টের পাচ্ছেন?

মাধ‍্যম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাজের সুযোগ যেমন বেড়েছে, তেমনি মানসম্পন্ন কাজও বেড়েছে। ওটিটিতে তাকদির, ঊনলৌকিকসহ ভালো ভালো কাজ আমরা দেখেছি। বিকল্প ধারা ও অনুদানের চলচ্চিত্রের ব‍্যাপারেও আগ্রহ বেড়েছে।

মৌটুসী বিশ্বাস
সংগৃহীত

প্রশ্ন :

এই মুহূর্তে কী নিয়ে ব্যস্ততা?

নতুন একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি। আর আগের মতো নিয়মিত কাজ করি না।

প্রশ্ন :

কেন?

একটা সময় নিয়মিত কাজ করে দেখলাম, মানসম্পন্ন কাজ হচ্ছে না। সারা দিন পরিশ্রমের পর মন খারাপ করে বাসায় ফিরতাম। আমি চাইলেই তো একের পর এক দারুণ কাজের প্রস্তাব আসবে না। তাই অনিয়মিত হয়ে গিয়েছি।

মৌটুসী বিশ্বাস
সংগৃহীত

প্রশ্ন :

এই সময়ে নাটকে কী পরিবর্তন আনা উচিত বলে মনে করেন?

নাটক মানে টেলিভিশন নাটক তো? বেশ কয়েক বছর ধরে যে অভাবগুলো পূরণ করা হচ্ছে না, সেগুলো হলো ধারাবাহিক নাটকে গল্পের ধারাবাহিকতা, গল্পে বৈচিত্র্যহীনতা, দুর্বল পাণ্ডুলিপি ইত্যাদি। অনেক সময় কোন অভিনয়শিল্পীকে নেওয়া হবে, তা নিয়েও নির্মাতার ওপর চাপ থাকে। এত সমস্যা নিয়ে কীভাবে ভালো নাটক তৈরি হবে? টেলিভিশন নাটকে পরিবর্তনের জন‍্য যেদিকে প্রথমেই নজর দেওয়া প্রয়োজন, তা হলো গল্প ও পাণ্ডুলিপি।