গল্পটি দাম্পত্য টানাপোড়েনের

বোকা কোথাকার নাটকের একটি দৃশ্যে মামুনুন ইমন ও ললনা নূর। ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার মধ্যে কোনো সিনেমা মুক্তি না পেলেও নাটক দিয়ে দর্শকদের সামনে আসছেন চিত্রনায়ক ইমন। কাল বুধবার তাঁর অভিনীত ‘বোকা কোথাকার’ নামে একটি নাটক প্রচার হবে। নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা।
নাটকের গল্পে দেখা যাবে, জাবেদ আর মীরার টানাটানির সংসার। অফিস থেকে ঠিকমতো বেতন না পাওয়ার পরও অন্য কোনো চাকরির খোঁজ করছে না জাবেদ। এ নিয়ে অভিমান করে স্বামীকে ‘বোকা কোথাকার’ বলে কটাক্ষ করে মীরা!

নাটকে জাবেদ চরিত্রে মামনুন ইমন, সুমনের ভূমিকায় সমাপ্তি মাসুক ও মীরা চরিত্রে ললনা নূর

হঠাৎ একদিন রাস্তায় কলেজজীবনের বন্ধু সুমনের সঙ্গে দেখা হয় জাবেদের। সুমন অনেক বছর দেশের বাইরে ছিল। আজও বিয়ে করেনি। জাবেদ খুশি হয়ে তাকে বাসায় নিয়ে যায়। জাবেদ, সুমন আর মীরা একসঙ্গে পড়েছে। কাজেই পুরোনো বন্ধুকে দেখে খুশি হয়ে ওঠে মীরাও। কিন্তু এর কদিন পরই শুরু হয় টানাপোড়েন। সুমন মীরাকে জানায় যে সে আজও তাকে ভালোবাসে! এতে মীরা দ্বিধায় পড়ে যায়। শুরু হয় নতুন কাহিনি।

পরিচালক দীপু হাজরা জানান, টেলিফিল্মটির গল্প কাল্পনিক। তবে বাস্তবেও ক্লাসমেটের মধ্যে বিয়ে হওয়ার ঘটনা আছে। সেখান থেকেই গল্পের শুরু। এতে জাবেদ চরিত্রে মামনুন ইমন, সুমনের ভূমিকায় সমাপ্তি মাসুক ও মীরা হয়েছেন ললনা নূর। আরও অভিনয় করেছেন নিথর মাহবুব, হিল্লোল সরকার, এ আর পিয়াস, পনির শিকদার প্রমুখ। কাল চ্যানেল আইয়ে বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিছবিটি।

‘বোকা কোথাকার’ নাটকের একটি দৃশ্যে মামুনুন ইমন ও ললনা নূর

অভিনেতা ইমন বলেন, ‘সময়ের একটি সংকটকে সামনে রেখেই নাটকের গল্প। আমি জাবেদ চরিত্রে অভিনয় করছি। অফিস থেকে বেতন না পেলে যাকে সংগ্রাম করতে হয়। কিন্তু চাকরি ছাড়েন না। যে কারণে তাকে বোকা ভাবে চারপাশের মানুষ।’