গল্পের ভিত যেখানে কিটসের কবিতা...

প্রেমবিষয়ক কালজয়ী কবিতা খুঁজতে গেলে জন কিটসের নাম না এসে কি পারে? জন কিটসের কালজয়ী প্রেমের কবিতাকে পুঁজি করে এখনো অনেক প্রেমিক তাঁর প্রেমিকার মনে জায়গা পোক্ত করে নেন। সেই কিটসেরই একটি কবিতা ‘দ্য ইভ অব সেন্ট অ্যাগনেস’ নিয়ে সাজানো হয়েছে পুরো গল্প। সেই গল্পকে নাটকে রূপ দেওয়া হয়েছে। নাটকটির নাম অ্যাগনেস।
অ্যাগনেস পরিচালনা করেছেন রাকেশ বসু। পরিচালক নাটকটির গল্পের কিছু অংশের ব্যাখ্যা করেন এভাবে: শুভ নামের যুবক ভালোবাসত মোনাকে। কিন্তু বিদেশে পড়তে যাওয়ার কারণে মোনার সঙ্গে বিচ্ছেদ হয় শুভর। শুভ ও মোনা প্রায়ই জন কিটসের ‘দ্য ইভ অব সেন্ট অ্যাগনেস’ কবিতাটি পড়ত। তারা ঠিক করেছিল, বিয়ের পর তাদের মেয়ে হলে তার নাম রাখবে অ্যাগনেস। পড়া শেষে দেশে ফেরার পর শুভ মোনাকে আর খুঁজে পায় না। কিন্তু খুঁজে পায় কিটসের সেই কবিতার অ্যাগনেসকে। এভাবেই শুভ ও মোনার গল্পের সঙ্গে প্রেমের কবি জন কিটস জড়িয়ে যান।
নাটকটিতে শুভর চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। সানজিদা প্রীতিকে দেখা যাবে মোনার চরিত্রে। ঈদের দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একুশে টেলিভিশনে নাটকটি দেখানো হবে। পরিচালক বলেন, গত জুন মাসে এই নাটকের শুটিং করা হয়। এতে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, পাপিয়া সরকার ও শ্রেষ্ঠা।