গাজী টিভি

আলাল দুলাল হাজি চান নাটকের দৃশ্যে মিশু সাব্বির ও নাঈম গাজী টিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে হবে ধারাবাহিকটি। লিখেছেন মেজবাউদ্দিন সুমন। পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস। আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শশী, ঊর্মিলা প্রমুখ। আজম খানের জনপ্রিয় গান ‘আলাল ও দুলাল’ নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকটির গল্প।
ইচ্ছে হলো
গাজী টিভিতে ঈদের তৃতীয় দিন রাত আটটায় প্রচারিত হবে নাটক ইচ্ছে হলো। লিখেছেন ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, জয়, ফারজানা ছবি প্রমুখ।
একটি গানের দল তৈরি করে সোনিয়া। এই গানের দল নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা আর দুর্ঘটনা।

মানিকজোড়
গাজী টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১টায় প্রচারিত হবে নাটক মানিকজোড়। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন রিয়াজ, সুমাইয়া শিমু, দিলারা জামান প্রমুখ। রিয়াজ আর শিমু দেশের বাইরে থাকে। ঈদ উপলক্ষে দেশে ফিরেছে। কিন্তু বিপত্তি বাধে বিমানবন্দরে। দুজনের জিনিসপত্র পাল্টাপাল্টি হয়ে যায়। এদিকে শিমুর বাসার লোকজন ভাবে, তাদের মেয়ে বিদেশে গিয়ে ছেলেদের পোশাক পরে পরে অভ্যস্ত হয়ে গেছে। আর রিয়াজের বাসার লোকজন ভাবে, তাদের ছেলে বিদেশি কোনো মেয়েকে বিয়ে করে এখন দেশে আনতে ভয় পাচ্ছে। একপর্যায়ে রিয়াজ শিমুর বাসায় আসে। সব সমস্যার সমাধান হয়।
কঙ্কালের কাণ্ড
গাজী টিভিতে ঈদের দিন বিকেল চারটা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটক কঙ্কালের কাণ্ড। লিখেছেন মারুফ রেহমান। পরিচালনা করেছেন গোলাম মোক্তাদির। অভিনয় করেছেন রিচি সোলায়মান ও রওনক হাসান।
সেতু থার্ড ইয়ারে পড়ে। বাবা মিজান হায়দার ব্যবসায়ী, মা গৃহিণী। সেতুদের পাশের ফ্ল্যাটে লেলিন ভাড়া নেয়। লেলিনের কাছে মানুষের একটি মাথার খুলি আছে। এই খুলি কথা বলতে পারে! লেলিন তার খুলির সঙ্গে কথা বলে। একদিন লেলিন খুলির সঙ্গে সেতুদের পরিবারের সবাইকে পরিচয় করিয়ে দেয়। শুরু হয় নতুন ঝামেলা।

প্রিয় ঝাউপাতা
গাজী টিভিতে ঈদের পরদিন রাত ১১টায় প্রচারিত হবে নাটক প্রিয় ঝাউপাতা। লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন রেমী, সাজু খাদেম, অ্যালেন শুভ্র, চঞ্চল চৌধুরী, টয়া প্রমুখ। নিজের বিচিত্র এক কল্পনার জগতে ডুবে থাকে তানিয়া। যেখানে
সিনেমার ডাকু কিংবা এলাকার পাতি মাস্তানরা হাজির। ক্লাসের এক বন্ধু ছুটছে তানিয়ার পিছু পিছু। আবার সন্ধ্যায় পড়াতে আসা প্রাইভেট টিউটরও। কিন্তু তানিয়ার হূদয়জুড়ে আছে এক আগন্তুক। সে প্রতিদিন তানিয়ার পিছু পিছু আসে। তানিয়ার সাহস হয় না তাকে মুখ ঘুরিয়ে দেখার। কিন্তু ঠিক বুঝতে পারে সে।
পৌনঃপুনিকতার জালে
গাজী টিভিতে ঈদের দিন রাত আটটায় প্রচারিত হবে নাটক পৌনঃপুনিকতার জালে। লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। অভিনয় করেছেন বদরুল আনাম সৌদ, সুবর্ণা মুস্তাফা, জিতু আহসান, স্বাগতা প্রমুখ।
ফারিয়া ও রায়হান দম্পতি ঠিক করেন কয়েক দিনের জন্য বাইরে বেরিয়ে আসবেন। রায়হানের এক বন্ধুর বাংলোটা ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। বিশাল জায়গার ওপর ছোট একটি বাড়ি, সামনে পুকুর; মনোরম প্রাকৃতিক দৃশ্য। শুধু কেয়ারটেকারটাই সমস্যা। কেমন যেন অস্বস্তিকর লোকটি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। রায়হান বুঝতে পারেন, তারা দুজন আর কেয়ারটেকার ছাড়া আরও কেউ আছে এই বাড়িতে। রাতে তার পায়ের শব্দ শুনতে পান রায়হান।