গান উপস্থাপনা নিয়ে প্রতিদিন পুতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুতুল
পুতুল

সংগীতশিল্পী পুতুলকে ঈদে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে উপস্থাপক হিসেবে। গতকাল মঙ্গলবার সকালে যমুনা টিভিতে তিনি ছিলেন অতিথি। রাতে দেশ টিভিতে গানের অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন।
পুতুল জানান, আজ দ্বিতীয় দিন তাঁকে দেখা যাবে দেশ টিভিতে, যেখানে গান করবে বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস। ঈদের চতুর্থ দিন তাঁর উপস্থাপনায় গান শোনাবে সোলস। অর্থাৎ, প্রতিদিন কোনো না কোনো চ্যানেল তাঁকে দেখা যাবে। এ ছাড়া বিটিভিসহ বেশ কিছু চ্যানেলে পুতুলকে দেখা যাবে সংগীতশিল্পী এবং উপস্থাপিকা হিসেবে।
পুতুলের শুরুটা হয়েছিল গান দিয়ে। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার প্রথম আসরে গান করে সাড়া ফেলেছিলেন। একসময় উপস্থাপনায় জড়িয়ে যান। কিন্তু গান থেকে মোটেও দূরে থাকেননি তিনি। সংগীত বিষয়ে স্নাতক শেষ করেছেন। চর্চা করছেন নিয়মিত। জানালেন, নজরুলসংগীতের অ্যালবাম করার পরিকল্পনা করছেন। বলেন, ‌‘অ্যলবামটির চারটি গান শেষ করেছি। ব্যস্ততার কারণেই সবগুলো গানের কাজ শেষ করতে একটু সময় লাগছে।’ পুতুল জানান, নজরুলসংগীতের অ্যালবামের পাশাপাশি মৌলিক অ্যালবামের কাজও শুরু করছেন তিনি। নতুন মৌলিক অ্যালবামটিও থাকছে তাঁর নিজের কথা, সুর ও সংগীতে গান। এটি হবে পঞ্চম একক। শিরোনাম ‘পুতুল গান: তৃতীয় অধ্যায়’।
পুতুল বলেন, ‘আমার গেল কয়েকটি একক অ্যালবামের কথা সুর ও সংগীত পরিচালনা আমি করছি। আমার একক অ্যালবামের ক্ষেত্রে আমি কোনো প্রকার ছাড় দিতে রাজি নই। আবার অন্য কাউকে দিয়ে কাজ করলে স্বাধীনতা পাওয়া যায় না। মনের মতো কাজ আদায়ও করতে পারি না। সেই কারণেই একক অ্যালবামের সবগুলো কাজ আমার হাতেই রাখি।’