গান দিয়ে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক্স-ফ্যাক্টর সং’–এর দৃশ্য ধারণের সময় (বাঁ থেকে) মিথিলা, অপূর্ব, ইরেশ, মম ও মিলি
‘এক্স-ফ্যাক্টর সং’–এর দৃশ্য ধারণের সময় (বাঁ থেকে) মিথিলা, অপূর্ব, ইরেশ, মম ও মিলি

সূচনা সংগীত দিয়ে হরহামেশাই নাটক বা টেলিছবি শুরু হতে দেখা যায়। কিন্তু গান দিয়ে গল্পের ইতি টানার ঘটনা ঘটে খুব কম। সিনেমায় এই রীতি ‘এন্ড ক্রেডিট’ নামে পরিচিত। এবার ঈদের টেলিছবি এক্স-ফ্যাক্টর: গেম ওভার-এ এই রীতির প্রয়োগ দেখা যাবে। টেলিছবি শেষে এর শিল্পীরা সমাপনী গানের সঙ্গে পর্দায় নাচবেনও।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বেশ ঘটা করেই এই গানের দৃশ্যায়ন হয়েছে। গানটির নাম রাখা হয়েছে ‘এক্স-ফ্যাক্টর সং’। টেলিছবির পাঁচ শিল্পী ইরেশ, অপূর্ব, মম, মিথিলা ও ফারহানা মিলিকে দেখা যাবে গানের দৃশ্যে। এক্স-ফ্যাক্টর: গেম ওভার-এর রচয়িতা ও নির্মাতা শিহাব শাহীন তাঁর এই সমাপনী গান নিয়ে বললেন, ‘টিভি নাটকে খুব বেশি বাজেট থাকে না। সেখানে আমরা চেষ্টা করেছি স্বল্প বাজেটে একটা ভালো কাজ করতে। বলে রাখি, এটা কোনো আইটেম গান না। ১৪ জুন সন্ধ্যা থেকে ভোর চারটা পর্যন্ত টানা এই গানের শুটিং করেছি আমরা।’
এই গানের দৃশ্য ধারণের সময় ঘটেছে বেশ মজার কিছু ঘটনা। ইরেশ যাকের বলেন, জীবনে ‘প্রথমবার’ এমনভাবে নাচলেন তিনি। নাচটা তাঁর কাছে কঠিনই মনে হয়েছে। অভিনেত্রী ফারহানা মিলি বলেন, ‘আমি তো ভালো নাচতে জানি না। পরিচালক শিহাব শাহীন আমাকে রীতিমতো জোর করে নাচিয়েছেন!’
টেলিছবির এই সমাপনী গানটি লিখেছেন সামিউল আজিম। সুর দিয়েছেন শাওন গানওয়ালা ও শাকিলা সাকী। এর সংগীত আয়োজন করেছেন বনী আহমেদ। গানটির কোরিওগ্রাফার আসাদ খান।
এর আগেও ‘এক্স-ফ্যাক্টর’ সিরিজের দুটি টেলিছবি দর্শকসাড়া ফেলেছিল বেশ। এটি সেই সিরিজের তৃতীয় কিস্তি। আসছে ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে টেলিছবিটি।