গানের জন আবার নাটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বনশ্রীতে ‘বউ ফেরত চাই’ নাটকের শুটিংয়ের সময় প্রথম আলোর ক্যামেরায় জন কবির ও মেহজাবিন। ছবি-নাসিরউদ্দীন নাসিম
ঢাকার বনশ্রীতে ‘বউ ফেরত চাই’ নাটকের শুটিংয়ের সময় প্রথম আলোর ক্যামেরায় জন কবির ও মেহজাবিন। ছবি-নাসিরউদ্দীন নাসিম

জন কবির গানের মানুষ। তবে অভিনয়েও কম যান না। তাই হঠাৎ​ হঠাৎ তাঁর দেখা মেলে নাটকে। জন আবারও নাটকে অভিনয় করছেন। নাম ‘বউ ফেরত চাই’।

আজ রোববার থেকে ঢাকার বনশ্রীতে নাটকটির শুটিং শুরু হয়েছে। ইমেল হকের পরিচালনায় নাটকটিতে জন কবিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মেহজাবিন।

ঈদে প্রচারের জন্য বানানো হচ্ছে নাটকটি। নাটকে জনকে শেয়ারবাজারে বিনিয়োগকারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক ইমেল হক বলেন, ‘গল্পে দেখা যাবে, শেয়ারবাজারে ব্যস্ত হয়ে পড়ার কারণে সংসারের খোঁজ-খবর নিতে পারেন না জন। এ নিয়ে প্রায় সময়ই স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। শেয়ারবাজারে বিনিয়োগ করে একটা সময় জন সর্বস্বান্ত হয়ে পড়েন। এ নিয়ে সংসারে শুরু হয় অশান্তি। ঘটতে থাকে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা। স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে বাসা থেকে বেরিয়ে যান স্ত্রী। নিজের ভুল বুঝতে পেরে স্ত্রীকে ফিরিয়ে আনার সব ধরনের চেষ্টা চালিয়ে যান জন। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে বউ ফেরত চাই নাটকের গল্প।’

‘বউ ফেরত চাই’ নাটকের দৃশ্যে জন কবির ও মেহজাবিন। ছবি-নাসিরউদ্দীন নাসিম
‘বউ ফেরত চাই’ নাটকের দৃশ্যে জন কবির ও মেহজাবিন। ছবি-নাসিরউদ্দীন নাসিম

জন বলেন, ‘আমি তো আসলে নাটকের মানুষ নই। গানের ব্যস্ততার ফাঁকে কোনো গল্প ভালো লাগলে তবেই নাটকে অভিনয় করতে রাজি হই। বউ ফেরত চাই নাটকের গল্পটা সত্যিই অন্যরকম। আমার বিশ্বাস, দর্শকদেরও ভালো লাগবে।’ সঙ্গে জানালেন, ‘অভিনয়ে আমি এখন আনন্দ পাই। তার মানে আবার এই নয় যে আমি নাটকে নিয়মিত হব। ভালো লাগলেই কেবল অভিনয় করব।’

গানের খবর কি জানতে চাইলে জন বলেন, ‘আমাদের অ্যালবাম পুরোপুরিভাবে তৈরি। এবার নিজেদের উদ্যোগে অ্যালবাম প্রকাশ করছি। ডিজিটাল সহযোগিতা করছে মাশরুম এন্টারটেইনমেন্ট। খুব শিগগিরই হয়তো অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’

জনের সঙ্গে আগেও একবার নাটকে অভিনয় করেছেন মেহজাবিন। ‘বউ ফেরত চাই’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন মুসাফির সৈয়দ, হিরু খান ও সুজাত শিমুল প্রমুখ।