গানের জন আবার নাটকে

হঠাৎ হঠাৎ গানের মানুষ জন কবিরের দেখা মেলে টিভি নাটকে। এবারও তার পুনরাবৃত্তি ঘটছে। জনের নতুন নাটকের নাম বউ ফেরত চাই। নাটকে জনের ‘বউ’-এর চরিত্রে অভিনয় করছেন মেহ্জাবীন। গতকাল রোববার ঢাকার বনশ্রীতে নাটকটির শুটিং শুরু হয়েছে। ইমেল হক পরিচালনা করছেন এই নাটক।
আসছে ঈদে প্রচারের জন্য বানানো হচ্ছে নাটকটি। এতে জনকে শেয়ারবাজারে বিনিয়োগকারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকের গল্প নিয়ে পরিচালক ইমেল হক বলেন, ‘গল্পে দেখা যাবে, ব্যবসায় ব্যস্ত হয়ে পড়ায় সংসারের খোঁজ নিতে পারেন না জন। এ নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। শেয়ারবাজারে বিনিয়োগ করে একটা সময় জন সর্বস্বান্ত হয়ে যান। এ নিয়ে সংসারে শুরু হয় অশান্তি। স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে বাসা থেকে বেরিয়ে যান স্ত্রী। নিজের ভুল বুঝতে পেরে স্ত্রীকে ফিরিয়ে আনার নানান চেষ্টা করতে শুরু করেন জন। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।’
জন বলেন, ‘আমি তো নাটকের মানুষ নই। গানের ব্যস্ততার ফাঁকে কোনো গল্প ভালো লাগলে তবেই অভিনয়ে রাজি হই। বউ ফেরত চাই নাটকের গল্পটার বেলায় তেমনটাই হয়েছে। গল্পটা অন্য রকম।’ গানের খবর জানতে চাইলে জন বলেন, ‘আমাদের অ্যালবাম পুরোপুরি তৈরি। এবার নিজেদের উদ্যোগে অ্যালবাম প্রকাশ করছি। ডিজিটাল সহযোগিতা করছে মাশরুম এন্টারটেইনমেন্ট। খুব শিগগির হয়তো অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’
বউ ফেরত চাই নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন মুসাফির সৈয়দ, হিরু খান, সুজাত শিমুল প্রমুখ।