গানের প্রতিযোগিতায় সানজিদা প্রীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেহারা নাটকের দৃশ্যে সানজিদা ​প্রীতি
চেহারা নাটকের দৃশ্যে সানজিদা ​প্রীতি

বিষয়টি অবাক হওয়ার মতোই। অভিনয় ছেড়ে কি তবে গাইতে শুরু করলেন সানজিদা প্রীতি? তা-ও আবার ‘রিয়েলিটি শো’তে! ওপরের ছবি কিন্তু তা-ই বলে। কিন্তু পাঠক, দৃশ্যটা ‘সুরে সুরে বাংলাদেশ’ নামের রিয়েলিটি শোর হলেও ঘটনাটি ঘটেছে একটি ধারাবাহিকের নাটকের অংশ হিসেবে।
ধারাবাহিকের নাম চেহারা। চিত্রনাট্য ও পরিচালনা মুহাম্মদ জিয়াউদ্দিনের। এতে আরও অভিনয় করেছেন আফরান নিশো, লুৎফর রহমান জর্জ, মাজনুন মিজান, শামীমা তুষ্টি, সানজিদা তন্ময় প্রমুখ।
এই ধারাবাহিকটি নিয়ে সানজিদা প্রীতি বললেন, ‘নাটকটির চিত্রনাট্য পড়ে ভালো লেগেছে বলেই এতে কাজ করা। পুরো নাটকে বেশ সিনেমাটিক ব্যাপার আছে। আর এর গল্পজুড়ে আমার একটা বড় জার্নি রয়েছে। ধারাবাহিকের শেষের দিকে দর্শক আমাকে বৃদ্ধ হতেও দেখবেন। যাকে চারপাশ থেকে নাতি-নাতনিরা ঘিরে থাকবে।’
গল্পের খাতিরে রিয়েলিটি শোর প্রতিযোগী হয়ে কেমন লাগল? জানতে চাইলে প্রীতি বললেন, ‘এটা নতুন অভিজ্ঞতা। চেষ্টা করেছি সত্যিকারের প্রতিযোগীর মতোই নিজেকে তুলে ধরতে।’
নাটকটির পরিচালক মুহাম্মদ জিয়াউদ্দিন দীর্ঘদিন চলচ্চিত্রে পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন। নির্মাণ করেছেন বেশ কয়েকটি একক নাটক। তবে ধারাবাহিক হিসেবে চেহারা হবে তাঁর প্রথম কাজ। সম্প্রতি নাটকটির শুটিং করেছেন উত্তরা ও গাজীপুরের কালিয়াকৈরে।
ধারাবাহিকটির প্রচার প্রসঙ্গে পরিচালক বললেন, ‘একটি দীর্ঘ ধারাবাহিক নির্মাণের চেষ্টা থেকে কাজটি শুরু করেছি। এখনো চ্যানেল চূড়ান্ত করিনি। তবে কয়েকটি চ্যানেলের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, শিগগিরই প্রচার শুরু হবে।’