গায়িকা এবার নায়িকা

কিছুদিন আগে নিজের নাম পরিবর্তন করেছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। পরিচিত হতে চান পারিবারিক নাম লাহ্না সাহা নামে। নাম পরিবর্তনের খবরের পাশাপাশি জানালেন নিজের অভিনয়ের খবরও। সম্প্রতি ঈদ উপলক্ষে নির্মিত ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’-এর একটি খণ্ডে অভিনয় করলেন তিনি। আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় দ্বন্দ্ব সমাস নাটকে নায়িকা হিসেবে দেখা যাবে এই গায়িকাকে।
সংগীতের জগতে বিচরণ করা লাহ্না সাহা নিজের অভিনয় প্রসঙ্গে বলেন, ‘আমার পুরো ধ্যানজ্ঞান গানকে ঘিরে। কিন্তু প্রায়ই অভিনয়ের অফার আসে। বেশির ভাগ সময়ই “না” করে দিই। কিন্তু এই গল্পটা অন্য রকম। আর এই পরিচালকের আরও কয়েকটি নাটকে অভিনয় করেছিলাম আগে। এ কারণেই কাজটি করা।’
লাহ্না সাহা বলেন, আশফাক নিপুণের আরও তিনটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। তবে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন হুমায়ূন আহমেদ নির্মিত একটি নাটকে।
শুধু অভিনয় নয়, ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ নাটকে একটি খণ্ডে গানও গেয়েছেন তিনি। গৌতম কৈরির শেষটা একটু অন্য রকম নাটকের শিরোনাম সংগীতে শোনা যাবে লাহ্না সাহার কণ্ঠ।