গুণী নির্মাতাদের সম্মাননা জানাবে ডিরেক্টরস গিল্ড
টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড ৩৬ জন নির্মাতাকে জানাচ্ছে বিশেষ সম্মাননা। এ পর্যন্ত সংগঠনটির তালিকাভুক্ত যে নির্মাতারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তাঁদের সংবর্ধনা জানাবে সংগঠনটি। আগামী শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের একটি মিলনায়তনে এই গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগঠনের সব সদস্যসহ টেলিভিশন নাটক নির্মাণের সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীরাও। এসব তথ্য জানান ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক। সেদিনের অনুষ্ঠানে যে গুণী নির্মাতারা সংবর্ধনা পাচ্ছেন, তাঁরা হলেন আমজাদ হোসেন, মুস্তাফা মনোয়ার, সৈয়দ হাসান ইমাম, আবদুল্লাহ আল–মামুন, নাসির উদ্দীন ইউসুফ, মোরশেদুল ইসলাম, আবুল হায়াত, গাজী রাকায়েত, সাইদুল আনাম টুটুল, ম. হামিদ, মামুনুর রশীদ, সুবর্ণা মুস্তাফা, সারা যাকের, নুরুল আলম আতিক, আবু সাইয়ীদ, হানিফ সংকেত, গিয়াস উদ্দিন সেলিম, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, মাসুম আজিজ, খালিদ মাহমুদ মিঠু, তারিক আনাম খান, অনিমেষ আইচ, জাহিদ হাসান, শহীদুল আলম সাচ্চু, গোলাম সোহরাব দোদুল, শহীদুল হক খান, শহীদুজ্জামান সেলিম, রোকেয়া প্রাচী, মুরাদ পারভেজ, সাইফুল ইসলাম, মাহফুজ আহমেদ, রেদওয়ান রনি, শাহনেওয়াজ কাকলী, রেজানুর রহমান, মোহাম্মদ হোসেন জেমী ও রিয়াজুল মাওলা রিজু।