গোপাল ডাক্তারের এক সিরিঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গোপাল ডাক্তার’ নাটকে রওনক ও অহনা
‘গোপাল ডাক্তার’ নাটকে রওনক ও অহনা

গোপাল ডাক্তার মূলত পশুর চিকিৎসক। গ্রামের অনেকেই তাঁকে ‘পশু গোপাল’ বলে ডাকে। হঠাৎ তাঁকে মানুষের চিকিৎসা শুরু করতে হয়। গোপালের মাত্র একটা সিরিঞ্জ। মানুষ ও পশু সবাইকে সে ওই সিরিঞ্জ দিয়েই ইনজেকশন দেয়।


ঈদুল আজহা উপলক্ষে শেখ সেলিম বানিয়েছেন হাসির নাটক ‘গোপাল ডাক্তার’। গতকাল শনিবার রাতে শেষ হয় নাটকটির শুটিং। পুবাইলের দিলবিলায় প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে শুটিংয়ে হাজির হয়েছিলেন কুশীলবেরা। পরিচালক বললেন, ‘আর্টিস্টরা দারুণ সহযোগিতা করেছেন। সবাই সময়মতো হাজির হয়ে কাজ করেছেন। সে জন্যই সময়মতো কাজটি শেষ করা সম্ভব হয়েছে।’ নাটকের গল্প সম্পর্কে তিনি জানান, পশুর চিকিৎসা করতে গিয়ে গোপাল দেখতে পায় এলাকার মানুষদেরও চিকিৎসা দরকার। অনেকেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। তাই তিনি এলএমএফ কোর্স করে পশুর পাশাপাশি মানুষেরও চিকিৎসা শুরু করেন। তবে মানুষ উপকৃত হলেও গোপালকে টাকা দেয় না। সে জন্য গোপালের স্ত্রী তাকে এই পেশা ছেড়ে দিতে বলে। কিন্তু গোপাল তা করে না। উল্টো জমি বিক্রি করে গ্রামের মানুষের চিকিৎসা করে।

নাটকে গোপাল ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন রওনক হাসান ও তাঁর স্ত্রীর চরিত্রে অহনা। নাটকটির গল্প লিখেছেন আকাশ রঞ্জন। ‘গোপাল ডাক্তার’ নাটকে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, প্রীতি সৈয়দ, এস এম মহসিন, হেমন্ত, মোশাররফ হোসেন, অরণ্য বিজয়, মোতাহার প্রমুখ। ঈদের ষষ্ঠ দিন নাটকটি দেখানো হবে দেশ টিভিতে।