গ্র্যান্ড ক্যানিয়নে তাহসানের কপ্টার মিশন

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে ২৭৭ মাইল দৈর্ঘ্য, ১৮ মাইল প্রস্থ এবং ১ মাইলের অধিক গভীরতা নিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন। এর মধ্য দিয়ে বয়ে গেছে কলোরাডো নদী। এ যেন অনিন্দ্যসুন্দর পাথুরে স্থাপত্য। এখানে ঘুরে ঘুরে একটি অনুষ্ঠানের শুটিং করছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী তাহসান খান। চ্যানেল আইয়ের জন্য তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ভ্রমণবিষয়ক অনুষ্ঠান, নাম ‘ইউসিবি জেট সেট লাইফ’। ইউসিবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় নির্মিত অনুষ্ঠানটি প্রযোজনা করছে কে মিডিয়া।

ভূতত্ত্ববিদদের ধারণা, ১ কোটি ৭০ লাখ বছর আগে এ গিরিখাতের সৃষ্টি। আগামী ২০ লাখ বছর পর এ গিরিখাত কয়েক গুণ বৃদ্ধি পাবে। এক মাইলের অধিক গভীর গিরিখাতের আটটি স্তর ভিন্ন ভিন্ন কালের কথা স্মরণ করিয়ে দেয়। ভ্রমণবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে কাটানো এই সময়কে বেশ রোমাঞ্চকর বলে প্রথম আলোকে জানালেন তাহসান।
গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের নানা জায়গায় ভ্রমণবিষয়ক এই অনুষ্ঠানের শুটিং করছেন তিনি। গতকাল রোববার রাতে তাহসান বলেন, ‘প্রথম সিজনে ১৩ পর্বের মধ্যে আমরা এরই মধ্যে ১০ পর্বের শুটিং শেষ করেছি। ঢাকায় অনুষ্ঠানটির সম্পাদনার কাজ চলছে। আগামী মাস থেকে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। আপাতত অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের চমৎকার জায়গাগুলোতে আমরা শুটিং করেছি। পরের সিজন ইউরোপে করার ইচ্ছে আছে।’
১৩ বছর আগে প্রথম আলোয় প্রকাশিত এক সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, তিনি ট্রাভেল শো করতে চান। ‘বিশ্বভ্রমণে তাহসান’ শিরোনামে খবরও প্রকাশিত হয় তখন। সেই বিশ্বভ্রমণ এখন ‘ইউসিবি জেট সেট লাইফ’ অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে। তাহসান বলেন, ‘এত দিন মাথায় ছিল, কিন্তু এটা অনেক বড় কাজ। চ্যানেল আই, ইউসিবি ব্যাংক এবং কে মিডিয়া একসঙ্গে হওয়াতে কাজটি করতে সুবিধা হচ্ছে।’
এমন অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপারে আগ্রহ তৈরি হলো কেন? তাহসান বলেন, ‘বাংলাদেশে অনেক দিন ভালো কোনো ট্রাভেল শো হয় না। আমি প্রায়ই ইউটিউবে বিভিন্ন দেশের ছোট ছোট ভিডিও আপলোড করে বেশ মজা পেয়েছি। এখন কিন্তু বিশ্বে ট্রাভেল শো অন্যভাবে হচ্ছে। আমি প্রথম ছোট ছোট ভিডিও আপলোড করেছিলাম। সেগুলো ছিল নেপাল আর থাইল্যান্ডের।’

বিশ্বভ্রমণের কাজ কেমন উপভোগ করছেন? তাহসান বলেন, ‘একটু কষ্ট। কারণ সম্পাদনা পেশাদারভাবে করতে হয়। ইউটিউবে আমি নিজেই সম্পাদনার কাজ করতাম। এখন পোস্ট প্রোডাকশনে সময় বেশি যাচ্ছে। টেলিভিশনে প্রচার উপযোগী করার জন্য যা যা দরকার, সবই করা হচ্ছে।’
তাহসান বলেন, ‘গ্র্যান্ড ক্যানিয়নে অদ্ভুত ভালো লাগা কাজ করে। প্রকৃতি যেন নুয়ে পড়েছে এখানে। এটি পৃথিবীর সর্বোচ্চ গিরিখাত। নানা রঙের পাহাড়ে ঘেরা এ গিরিখাতের বয়স নিয়ে গবেষণা হচ্ছে। যুক্তরাষ্ট্রের উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চল যেন পাহাড়ের সাম্রাজ্য। বলতে পারেন, এখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে তাঁর সব সৌন্দর্য। প্রকৃতির এ বিস্ময় দেখে যেকোনো পর্যটক মুগ্ধ হবেন। উত্তর-দক্ষিণে দুদিক থেকে গিরিখাতটি দেখা যায়। এপাশ থেকে ওপাশে ঘুরে আসতে ২২ মাইল পথ পাড়ি দিতে হয়।’