ঘরে বসেই সাত তারকার মুখোমুখি তিশা
ঈদের আগের এই সময়ে দম ফেলার ফুরসত থাকে না। এই সময়েই কিনা ঘরবন্দী হয়ে আছেন নুসরাত ইমরোজ তিশা। ডান পায়ে ব্যথা পেয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শে প্রায় ২০ দিন ধরে বাসায় বিশ্রামে আছেন তিনি। এরই মধ্যে ঈদের সব নাটকের শুটিং বাতিল করেছেন। আগামী ঈদে টেলিভিশনে তাঁর নতুন কোনো নাটক থাকছে না।
তবে দি বক্স নামে ঈদের একটি রিয়েলিটি সেলিব্রেটি গেম শো উপস্থাপনা করবেন এই অভিনেত্রী। নাটক করতে না পারলে উপস্থাপনা কী করে করবেন? তিশা জানান, ‘অনলাইনে বাসায় বসেই শুটিং করছি। এ কারণেই পারছি।’ তারপরও চিকিৎসক পরামর্শ দিয়েছেন, এক জায়গায় বেশি সময় বসা যাবে না। সেভাবেই শুটিং করছেন তিনি। তিশা বলেন, ‘বসে বসেই এক পর্ব শুটিং করলাম। তেমন একটা সমস্যা হয়নি। প্রথম পর্বে অতিথি ছিলেন নুসরাত ফারিয়া ও তাঁর এক ভক্ত।’
শুক্রবার প্রথম পর্বের শুটিং করলেন। ২৯ জুন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তাঁর এক ভক্তকে নিয়ে দ্বিতীয় পর্বের শুটিং হবে, জানালেন অনুষ্ঠানটির প্রযোজক শাহরিয়ার শাকিল। ঈদের আগেই বাকি ছয়টি পর্বের শুটিং হবে। তিনি বলেন, পাঁচটি চ্যানেলে ঈদুল আজহার সাত দিনে প্রতিদিন এক পর্ব করে প্রচারিত হবে। এরপর একটি ইউটিউব চ্যানেলে উঠবে।
তিশার উপস্থাপনায় এই শোর প্রথম ও দ্বিতীয় সিজনের ১২টি পর্ব গত ঈদে প্রচারিত হয়েছে।