ঘুরতে গিয়ে অতিথি বক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা বইমেলায় বক্তৃতা দিচ্ছেন জ্যোতিকা জ্যোতি
কলকাতা বইমেলায় বক্তৃতা দিচ্ছেন জ্যোতিকা জ্যোতি

কলকাতার সিনেমায় অভিনয় শুরুর আগে কিছু প্রয়োজনীয় কাজে গত শনিবার সেখানে যেতে হয় বাংলাদেশের অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতিকে। কাজের ফাঁকে গতকাল রোববার সন্ধ্যায় কলকাতা বইমেলায় ঘুরতে যান। বইমেলায় জ্যোতির উপস্থিতির খবর পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কর্তৃপক্ষ। মঞ্চ থেকে উপস্থাপক তাঁকে বইমেলার উন্মুক্ত মঞ্চে কথা বলার জন্য আমন্ত্রণ জানান। দেশের বাইরের এসে চমৎকার আয়োজনে মঞ্চে কথা বলার সুযোগ হাতছাড়া করেননি এই অভিনয়শিল্পী। এটাকে জীবনের অন্য রকম একটি দারুণ অভিজ্ঞতাও মনে করছেন তিনি।

প্রথম আলোর পাঠক এরই মধ্যে জেনে গেছেন, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি। পুরস্কার জেতা ‘বাকিটা ব্যক্তিগত’ ছবির নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য এবার সিনেমা বানাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে। ছবির নাম ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। জ্যোতিকা জ্যোতির বিপরীতে এ ছবিতে দেখা যাবে কলকাতার ঋত্বিক চক্রবর্তীকে। আগামী ডিসেম্বরে এই সিনেমার কাজ শুরু হবে। সেই সিনেমার প্রি-প্রোডাকশনের কিছু কাজে এখন তিনি কলকাতায়। থাকতে হবে এ মাসের শেষ পর্যন্ত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিন চারেকের জন্য ঢাকায় এসে দেড় মাসের জন্য আবার উড়াল দেবেন।

কলকাতা বইমেলায় কী নিয়ে বললেন? জ্যোতি বলেন, ‘দুই বাংলার বন্ধন, শিল্প-সংস্কৃতির সীমারেখা না থাকার বিষয় এবং এই দুই বাংলার সাহিত্য ও সিনেমা যে একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, তা নিয়ে কথা বললাম।’

জ্যোতি আরও বলেন, ‘বাংলাদেশের কয়েকজন লেখকবন্ধুসহ মেলায় ঘুরতে গিয়েছিলাম। এদিন ভারতের কলকাতার বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠান চলছিল। আমাকে দেখে উপস্থাপক আমন্ত্রণ জানান। চমৎকার একটা অনুষ্ঠান ছিল। বক্তব্যের পর অনেকের কাছ থেকে উৎসাহ পেয়েছি। বাংলাদেশের একজন শিল্পী হিসেবে আমার কথা শুনে উপস্থিত অনেকে প্রশংসা করেছেন।’