চতুর্থবারের মতো চৈত্রসংক্রান্তি ও হাজারো কণ্ঠে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চৈত্রসংক্রা‌ন্তি উৎসব ও হাজারো কণ্ঠে বর্ষবরণ উৎ​সব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা (বাঁয়ে)।
চৈত্রসংক্রা‌ন্তি উৎসব ও হাজারো কণ্ঠে বর্ষবরণ উৎ​সব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা (বাঁয়ে)।

চতুর্থবারের মতো চৈত্রসংক্রান্তি ও হাজারো কণ্ঠে বর্ষবরণের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই ও সুরের ধারা। চৈত্রসংক্রান্তি উৎসব ও হাজারো কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ উৎ​সব ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই, ৭১ টেলিভিশন, রেডিও ভূমি এবং পশ্চিমবঙ্গের রূপসী বাংলা টেলিভিশন।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, মূল অনুষ্ঠান শুরু হবে ১৩ এপ্রিল সূর্যাস্তের সঙ্গে পঞ্চকবির গানের মধ্য দিয়ে। চৈত্রসংক্রান্তি অনুষ্ঠান শেষ হবে রাত ১২টায়। এরপর পয়লা বৈশাখে সূর্যোদয়ের সঙ্গে শুরু হবে হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২২ অনুষ্ঠান। সেখানে সারা দেশ ও প্রবাসী বাংলাভাষী এক হাজারেরও বেশি নির্বাচিত শিল্পী গাইবেন ‘এসো হে বৈশাখ’। রেজওয়ানা চৌধুরী বন্যার সার্বিক তত্ত্বাবধানে বর্ষবরণ উৎসবের প্রধান পৃষ্ঠপোষক সানসিল্ক।
এ উপলক্ষে চ্যানেল আই ভবনে ১২ এপ্রিল দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা। আরও উপস্থিত ছিলেন উৎসব দুটির সমন্বয়ক আজিজুর রহমান তুহিন, সংগীত পরিচালক পুলক সরকার এবং দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। আয়োজকেরা জানান, বাংলার ঐতিহ্যে ঘেরা কৃষ্টি-কালচার বিশ্ব দরবারে আরও ব্যাপকভাবে তুলে ধরার জন্যই চ্যানেল আই ও সুরের ধারার এ প্রয়াস। এবার উৎসব দুটির স্থিরচিত্র ধারণ করবেন দৃকের প্রায় ১০০ জন আলোকচিত্রী। বর্ষবরণ উৎসব চলবে পয়লা বৈশাখ দুপুর ১২টা পর্যন্ত। উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া ও অপু মাহফুজ। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।