চলচ্চিত্রে আছেন নাটকে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চঞ্চল চৌধুরী l ছবি: প্রথম আলো
চঞ্চল চৌধুরী l ছবি: প্রথম আলো

ঈদ এলেই ছোট পর্দাকে ঘিরে অভিনয়শিল্পীদের কাজের ব্যস্ততা বেড়ে যায়। নাটকে নিয়মিত শিল্পীদের প্রতিটি চ্যানেলেই থাকে একাধিক নাটক। অভিনেতা চঞ্চল চৌধুরীর বেলায়ও এমনটা ঘটে আসছিল প্রতিবছর। গত ঈদেও বিভিন্ন চ্যানেলে চঞ্চল চৌধুরী অভিনীত প্রায় ১৫টি নাটক প্রচারিত হয়। কিন্তু এবার ব্যতিক্রম। ঈদের জন্য মাত্র দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। একটি খণ্ড ধারাবাহিক ইয়ার আলীর নতুন বউ, অন্যটি এক ঘণ্টার নাটক সন্তান। এর বাইরে আর ঈদের জন্য কাজ করার সুযোগ নেই বলে জানান তিনি। কিন্তু কেন? চঞ্চল চৌধুরী জানালেন, অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয়ের কারণেই নাটকে সময় দিতে পারছেন না। ছবির শুটিং শুরুর পর থেকেই নাটকের কাজ বাদ দিয়ে চলচ্চিত্রে মনোযোগী হয়েছেন।
এ মাসেই শুরু হয়েছে আয়নাবাজির শুটিং। তবে ছবির শুটিং শুরুর আগে ঈদের দুটি নাটকের কাজ সেরে নেন চঞ্চল। বলেন, ‘ছবির শুটিং শুরুর আগে দুটি নাটকে কাজ করার সময় পেয়েছি। এখন শুটিংয়ের মাঝখানে নাটকে অভিনয়ের সুযোগ নেই। করতেও চাই না। চলচ্চিত্রের মধ্যেই পুরো মনোযোগ রাখতে চাই।’
আয়নাবাজির শুটিংয়ের আগে থেকেই নিজেকে এর জন্য প্রস্তুত করছিলেন চঞ্চল। তিনি জানান, প্রায় এক মাস ছবির জন্য ওয়ার্কশপ ও রিহার্সেল করেছেন। চরিত্রের প্রয়োজনে ওজন ১০ কেজি কমাতে হবে তাঁর। এ জন্য এক মাস ধরে ভাত খাচ্ছেন না তিনি। প্রশিক্ষক প্রতিদিন দুই ঘণ্টা করে ব্যায়ামও করাচ্ছেন বলে জানান চঞ্চল।