চলচ্চিত্রের ফাঁকে নাটকে...

লম্বা সময় ধরে নতুন কোনো নাটকে নাম লেখাননি মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। কারণ, চলচ্চিত্র। তবে এবার আর নিজেকে নাটক থেকে দূরে রাখতে পারলেন না। সম্প্রতি রাজনীতি ছবি থেকে বেরিয়ে আসার পর নাটকে ফিরলেন পিয়া বিপাশা। বললেন, ঈদের জন্য দুটি নাটকে অভিনয় করছেন তিনি।
এরই মধ্যে পিয়া কাজ শেষ করেছেন আমজাদ মাহমুদ পরিচালিত স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাটকের কাজ। আরেক নাটক ভালোবেসে যদি সুখ নাহি-এর শুটিং চলছে কক্সবাজারে। এর পরিচালনা করছেন শাহিন সরকার। কিন্তু মাঝখানে নাটকে পিয়া বিপাশার এই বিরতি কেন?
কক্সবাজার থেকে মুঠোফোনে পিয়া বলেন, ‘কয়েকটি ছবির কাজ নিয়ে নিজেকে প্রস্তুত করেছি। এর মধ্যে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি কাটুস কুটুস মুক্তি পেয়েছে। আগামী মাসে আরেকটি ছবির শুটিং শুরু হবে। তাই এর ফাঁকে ঈদের দুটি নাটকের কাজ হাতে নিলাম।’
পরিচালক জানান, ভালোবেসে যদি সুখ নাহি নাটকটিতে পিয়া বিপাশার বিপরীতে অভিনয় করছেন ইমন। নাটকটি আসছে ঈদুল আজহায় এটিএন বাংলায় প্রচারের কথা আছে। অন্যদিকে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাটকে পিয়ার সঙ্গে আছেন তাঁর কাটুস কুটুস-এর সহ-অভিনেতা মনোজ।