চলচ্চিত্রের মহড়া নাটকে!

চলচ্চিত্রে অভিনয় নিয়েই ইমনের যত ব্যস্ততা। নাটকেরও অনেক প্রস্তাব আসে তাঁর কাছে। চলচ্চিত্রের শত ব্যস্ততার মধ্যেও তাই দু-একটি নাটকে অভিনয় করেন তিনি। সম্প্রতি ঈদের একটি নাটকে অভিনয় করেছেন ইমন। কিন্তু এবার শুধু প্রস্তাবের জন্য নয়; ইমন জানিয়েছেন, চলচ্চিত্রের মহড়া দিতেই নাকি নাটকটিতে অভিনয় করতে রাজি হয়েছেন।
সম্প্রতি ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। পান্থ শাহরিয়ারের লেখা ‘ল্যাম্পপোস্ট’ নামের নাটকটির পরিচালক নঈম ইমতিয়াজ। ঈদে এনটিভিতে প্রচারের জন্য নির্মিত এই নাটকটিতে ইমনের বিপরীতে অভিনয় করেছেন ভাবনা।
এ প্রসঙ্গে ইমন বলেছেন, ‘চলচ্চিত্রে আমি ব্যস্ত। বছর তিনেক আগে অনুরোধে চ্যানেল আইয়ের একটি টেলিছবির কাজ করেছিলাম। এবারের নাটকটিও অনুরোধে। তবে এটাকে চলচ্চিত্রে অভিনয়ের মহড়াই বলতে পারেন। কারণ, আমি ও ভাবনা সামনে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। তারই মহড়া হিসেবে আমাদের দুজনের ‘‘ল্যাম্পপোস্ট’’ নাটকে অভিনয় করা। অন্য রকম প্রেমের গল্পের এ নাটকটি সবার ভালো লাগবে।’
‘ল্যাম্পপোস্ট’ নাটকের গল্পে ইমন প্রতিদিনই একটি মেয়ের জন্য ল্যাম্পপোস্টের নিচে অপেক্ষা করেন। কয়েক দিন অপেক্ষার পর মেয়েটির দেখা পান তিনি। এরপর তাঁদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু মেয়েটি ইমনকে তাঁর বাবা-মাকে ছেড়ে তার কাছে আসার জন্য একটি শর্ত জুড়ে দেয়। এভাবেই ‘ল্যাম্পপোস্ট’ নাটকের গল্প এগিয়ে যায়।
এদিকে, ইমন গতকাল শনিবার থেকে রাজধানীর কলাবাগানে শুরু করেছেন নতুন ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’-এর কাজ। এতে ইমন অভিনয় করছেন ক্রিকেট দলের অধিনায়কের চরিত্রে। ইমন ছাড়া এই ছবির অন্য দুই অভিনয়শিল্পী শাকিব খান ও জয়া আহসান।