চলছে 'লিপস্টিক'-এর কাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিপস্টিক নাটকের দৃশ্যে মম
লিপস্টিক নাটকের দৃশ্যে মম

নাট্য ও চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন নাটক এবং সিনেমা দিয়ে বেশ নাম কুড়িয়েছেন। এবার তিনি বানাচ্ছেন ‘লিপস্টিক’! ছুঁয়ে দিলে মন-খ্যাত নির্মাতা কেন আবার লিপস্টিক বানাতে যাচ্ছেন? এমন প্রশ্ন হয়তো উঁকি দিচ্ছে ভক্তদের মনে। তাঁদের জন্য বলে রাখি, শিহাব শাহীনের নতুন ধারাবাহিকের নাম লিপস্টিক। নাটকের নামকরণ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটি একটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। লিপস্টিক নারীর সৌন্দর্যের প্রতীক, তার বিদ্রোহের প্রতীক, তার সামাজিক প্রেক্ষাপটের প্রতীক, নারীর অবস্থানের প্রতীক। একটি মেয়ের বেড়ে ওঠা থেকেই লিপস্টিকের সঙ্গে পরিচয়। একটু ভিন্নভাবে গল্পটি দর্শকদের সামনে তুলে আনছি।’
এর আগে এই নির্মাতার কয়েকটি ধারাবাহিক বেশ আলোচিত হয়েছিল। এর মধ্যে রয়েছে রমিজের আয়না, ইট কাঠের খাঁচা ও মুম্বাসা। সবশেষ ২০১৪ সালে ভালোবাসার চতুষ্কোণ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেছিলেন তিনি।
এবারের নাটকের গল্প বর্তমান সময়ে গ্রাম থেকে আসা শহুরে এক নারীর এগিয়ে চলার, তার সংগ্রামকে ঘিরেই গল্পটি আবর্তিত হয়েছে। গত মে মাস থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। রাজধানীর নিকুঞ্জ ও আশুলিয়ার গ্রামগুলোতে দৃশ্য ধারণ চলছে। এটি খুব তাড়াতাড়ি একটি নতুন বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ, রহমত আলী, অপূর্ব, জাকিয়া বারী মম, নাঈম, লুৎফর রহমান জর্জ, সাজু খাদেম, মনিরা মিঠু প্রমুখ।