চাঁদরাতের টিভি আয়োজন
মাটির গান প্রাণের গান
এনটিভিতে রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মাটির গান প্রাণের গান’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন হাসান আবিদুর রেজা জুয়েল। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী টুনটুন বাউল ও রুমা সরকার।
নিধিরাম সরদার
চ্যানেল আইয়ে চাঁদরাত সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক নিধিরাম সরদার। লিখেছেন ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। অভিনয় করেছেন শাহাদাত হোসেন, সাহানা সুমি, মাহবুবা রেজানুর প্রমুখ।
বাঁদী-বান্দার রূপকথা
এটিএন বাংলায় ঈদের আগের দিন রাত পৌনে ১১টায় প্রচারিত হবে নৃত্যনাট্য বাঁদী-বান্দার রূপকথা। আরব্য রজনী উপন্যাসের আলীবাবা চল্লিশ চোর–এর গল্প অবলম্বনে নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন সুকল্যাণ ভট্টাচার্য। সৃষ্টি কালচারাল সেন্টারের এই নৃত্যনাট্যে অংশ নিয়েছেন শিবলী মহম্মদ, শামীম আরা নীপা, আনিসুল ইসলাম, সুকল্যাণ ভট্টাচার্য ও রানা ওয়াদুদ। গানে কণ্ঠ দিয়েছেন অন্বেষা, শ্রীকান্ত আচার্য, নচিকেতা, লোপামুদ্রা মিত্র, অরিজিত চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য ও রাঘব চট্টোপাধ্যায়।

‘কলের গান’-এ কর্নিয়া ও ইমরান
চাঁদরাতে দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি দর্শকদের সঙ্গে ফোনে কথা বলবেন ও তাঁদের অনুরোধের গান করবেন কর্নিয়া ও ইমরান। ‘ক্লোজআপ কলের গান’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন তাঁরা। অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১১টা ৪৫ মিনিটে।
সরাসরি মমতাজের গান
সংগীতশিল্পী মমতাজ সরাসরি গাইবেন বাংলাভিশনের ‘প্রেমের কথা বাতাসে ছড়ায়’ অনুষ্ঠানে চাঁদরাতে। রাত সোয়া আটটায় শুরু হবে এই আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আসাদ চৌধুরী।