চাঁদে কেন জায়গা কিনেছেন টিংকু, পিংকুরা
জর্জ ডব্লিউ বুশসহ সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট চাঁদে জমি কিনেছেন। মার্কিন নাগরিক ডেনিস হোপের প্রতিষ্ঠান ‘লুনার এমবাসি’ থেকে তাঁরা চাঁদে জমি কিনেছেন। এ প্রতিষ্ঠান থেকে এক একর জমি কিনেছেন সাতক্ষীরার দুই বন্ধু এস এম শাহিন আলম ও শেখ শাকিল হোসেন। এবার চাঁদে জমি কিনেছেন রিংকু, টিংকু, পিংকু ও। চাঁদে ‘ক্রয়সূত্রে এই জমির মালিক রিংকু, টিংকু, পিংকু’ এ সাইনবোর্ড টানিয়ে জমি বুঝেও নিচ্ছেন তাঁরা। রহস্য কী? পৃথিবী ছেড়ে কেন তাঁরা চাঁদে জমি কিনেছেন?
এ প্রশ্নের উত্তর জানা যাবে ‘মিশন চাঁদ’ নামক নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব।
নাটকটি দেখা যাবে আগামী ঈদুল ফিতরে বাংলাভিশনের আট দিনব্যাপী ভিন্নধর্মী বিশেষ অনুষ্ঠানমালায়। নাটকে ‘রিংকু, টিংকু, পিংকু’ এ তিন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম ও অনিক।
এ নাটক সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘প্রিয় তারকা, বিশেষ দিবসে বাংলাভিশন ভিন্ন আয়োজন করে। প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে বাংলাভিশন আয়োজন করেছে আট দিনব্যাপী ভিন্নধর্মী বিশেষ অনুষ্ঠানমালার।
উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে দেশের খ্যাতনামা নাট্য পরিচালকের নির্মিত নাটক। এর মধ্যে ভিন্নধর্মী বিশেষ নাটক “মিশন চাঁদ”। এ নাটকের গল্প চমৎকার। পরিচালক মাইদুল রাকিব যখন এ নাটক সম্পর্কে আমার সঙ্গে আলোচনা করেছেন, তখনই আমি রাজি হয়ে যাই এটি প্রচারের জন্য। পৃথিবী ছেড়ে মারজুক রাসেল চাষী আলম ও অনিক কেন চাঁদে জায়গা কিনেছেন তা জানা যাবে এ নাটকে। আশা করি দর্শকেরা এ নাটকসহ আমাদের আয়োজন উপভোগ করবেন এবং ভালো লাগবে।’