চার ধারাবাহিকে সাবিলা নূর

বিজ্ঞাপন আর একক নাটক তো অনেক হলো! এবার বুঝি দীর্ঘ সময় ধরে দর্শকদের সামনে থাকার পাঁয়তারা করছেন সাবিলা নূর। হ্যাঁ, সাবিলা নূর নাম লেখাচ্ছেন ধারাবাহিক নাটকে। এরই মধ্যে শুটিং করেছেন চারটি ধারাবাহিকের। দুটি বেশ আগে থেকেই নিয়মিত প্রচার হওয়া ধারাবাহিক; সাবিলা তাতে নাম লেখাচ্ছেন নতুন করে। বাকি দুটি আছে প্রচারের অপেক্ষায়। নিয়মিত প্রচার হওয়া ইমরাউল রাফাতের পরিচালনায় কলিং বেল ও হাসান মোরশেদের পরিচালনায় আদর্শলিপিতে ঢুকছেন সাবিলা। জলদিই এই দুটি ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। বাকি দুটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। একটি সৈয়দ শাকিল পরিচালিত উল্টো স্রোত, অন্যটি মাবরুর রশীদের হাউজ নাম্বার ফরটি ফোর। শিগগির এই দুটির প্রচারও শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘ধারাবাহিকে অভিনয় করার জন্য অনেক দিন ধরেই কথা হচ্ছিল। কিন্তু পড়াশোনার কারণে সময় ও সুযোগ মিলছিল না। তবে এখন অভিনয়ে নিয়মিত হওয়ার চিন্তা করছি। তাই এবার ধারাবাহিকে কাজ শুরু করলাম।’
মডেলিংয়ের মধ্য দিয়ে ২০১০ সালে মিডিয়ায় পা রাখেন সাবিলা নূর। ধীরে ধীরে সেই আসন পাকাপোক্ত করেন। এর ফাঁকে অভিনয় করেছেন বেশ কিছু খণ্ডনাটকেও, যা নিয়ে হয়েছে অনেক আলোচনা।
এবার ধারাবাহিক নাটকের পালা।