চিরদিনের রুনা

চলতি বছরের জুন মাসে সংগীতজীবনের ৫০ বছর পার করেছেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা। বাংলাদেশি সংগীতের এই জীবন্ত কিংবদন্তিকে নিয়ে চ্যানেল আই নির্মাণ করছে বিশেষ অনুষ্ঠান। ঈদের জন্য নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘চিরদিনের রুনা’।

চ্যানেল আইয়ের এমন আয়োজনের প্রশংসা করেন রুনা লায়লা। গতকাল শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার সংগীতজীবনের ৫০ বছর নিয়ে চ্যানেল আই একটি অনুষ্ঠান নির্মাণের আগ্রহ প্রকাশ করে। তাদের ভাবনাটা দারুণ লেগেছে। এবারের ঈদে কিন্তু এই একটিমাত্র অনুষ্ঠানের মাধ্যমে দর্শক-শ্রোতাদের সঙ্গে দেখা হবে আমার। এর বাইরে কোনো ধরনের গানের অনুষ্ঠানে আমি থাকছি না।’
‘চিরদিনের রুনা’ অনুষ্ঠানটির পরিকল্পনা ও সঞ্চালনায় আছেন এই প্রজন্মের সংগীতশিল্পী কোনাল। তিনি বললেন, ‘রুনা লায়লার সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে কিছুদিন ধরে ভাবছিলাম তাঁকে নিয়ে একটি অনুষ্ঠান নির্মাণের। বিষয়টি জানানোর পর তিনি সানন্দে রাজি হন, যা আমার জন্য অনেক সম্মানের। আমাদের এই আয়োজনে উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন।’

চিরদিনের রুনা অনুষ্ঠানটির পরিচালক আমীরুল ইসলাম। তিনি বলেন, ‘রুনা লায়লা বাংলাদেশের গর্ব। তাঁর সংগীতজীবনের ৫০ বছর উদ্যাপন এবং তাঁকে সম্মান জানাতে এমন আয়োজন করছি। অনুষ্ঠানটি নির্মাণের ক্ষেত্রে আর্কাইভাল ভ্যালুর ব্যাপারটিও আমরা ভেবেছি।’
১৯ সেপ্টেম্বর চ্যানেল আইয়ের স্টুডিওতে ‘চিরদিনের রুনা’ অনুষ্ঠানের দৃশ্য ধারণের কাজ করা হবে বলে জানান আমীরুল ইসলাম।