চেনার পরের বিষয়টা অন্য রকম, অনুভূতিটা আলাদা

‘সিবিএল মাঞ্চি চাংকি চক ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন-৪’–এ মুমতাহিনা টয়ার উপস্থাপনায় ভালোবাসার গল্প শুনিয়েছেন নাদিয়া-নাঈম জুটিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়টি ভালোবাসা দিবস একসঙ্গে পার করেছেন নাঈম-নাদিয়া জুটি। তবে এই ছয় বছর বিয়ের পরের। বিয়ের আগে কোনো প্রেম বা ভালোবাসা দিবস ছিল না এই তারকা জুটির। বিয়ের পর প্রথম ভালোবাসা দিবসের অনুভূতি জানাতে গিয়ে নাদিয়া বলেন, ‘প্রথম ভালোবাসা দিবসের আগের দিন থেকেই আমরা উদ্‌যাপন শুরু করি। মানে পয়লা ফাল্গুনে আমার দুজনেই একসঙ্গে চারুকলায় গিয়েছিলাম। ভোরবেলা বসন্ত বরণ থেকে শুরু করি আমাদের ভালোবাসা উদ্‌যাপন। সারা দিন ঢাকা শহরে অনেক ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি। খুব সুন্দরভাবে একটা দিন কাটাই ভালোবাসা দিবস উপলক্ষে। রাতে নাঈমের বন্ধুদের সঙ্গে ডিনার করছিলাম, ওই সময়ই একজন এসে আমাকে ভালোবাসা দিবসের গিফট ডেলিভারি করে। বিশাল বড় একটা ফ্লাওয়ার বুকেট, চকলেট, পুতুলসহ আরও অনেক কিছু। আমি খুবই অবাক হয়ে যাই। কারণ সারা দিন নাঈম আমার সঙ্গে ছিল, তাহলে এগুলো কে পাঠাল? অবশ্য ১৪ তারিখ আমাদের দুজনের জন্য অন্য রকম অনুভূতি। ঠিক এক মাস আগে অর্থাৎ জানুয়ারির ১৪ তারিখে আমাদের বিয়ে হয়। উপহারের রহস্য উন্মোচন করে জানলাম, সবকিছুই নাঈমের আগে থেকে প্ল্যান করা ছিল।’

ভালোবাসা দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজনে ‘সিবিএল মাঞ্চি চাংকি চক ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন-৪’–এ মুমতাহিনা টয়ার উপস্থাপনায় ভালোবাসার গল্প শুনিয়েছেন নাদিয়া-নাঈম জুটি। এ আসরে নিজেদের অতীতের ভালোবাসা দিবসের স্মৃতিচারণা করেন। নাদিয়া বলেন, ‘এ ছয় বছরে নাঈমই আমাকে বেশি সারপ্রাইজ দিয়েছে। আমি নাঈমকে খুব বেশি সারপ্রাইজ দিতে পারিনি। বিভিন্ন উপলক্ষে কিছু না–কিছু সারপ্রাইজ নাঈম দিবেই। একেকবার একেক রকমভাবে সারপ্রাইজ করে, এটা আমার খুবই ভালো লাগে।’

একসঙ্গে নাঈম এবং নাদিয়া

বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস একটু অন্য ভাবেই করতে চেয়েছিলেন অভিনেতা নাঈম। গল্পটা শুনি তাঁর মুখেই—‘আমি সবকিছু প্ল্যান করে চলতে ভালোবাসি। তবে বিয়ে, সংসার ওইভাবে ভেবেচিন্তা কিছু করি নাই। বিয়ের পরের মাসে যেহেতু পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস ছিল, তাই ওই দিনগুলো বিশেষভাবে পালন করার ইচ্ছা ছিল। আর পয়লা ফাল্গুন আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের দিন। পয়লা ফাল্গুনের দুই দিন আগে আমি একটা কাজের কথা বলে বাসা থেকে বের হই। এবং চলে গেলাম পছন্দের ফুলের দোকানে। তখন দোকানে বললাম, ফাল্গুনের রাতে আমরা ডিনারে যে রেস্টুরেন্টে থাকব, সেখানে ফ্লাওয়ার বুকেটসহ সব উপহার দিয়ে আসতে। যথাসময়ে উপহার দিয়ে নাদিয়াকে চমকে দিতে পেরেছিলাম প্রথম ভালোবাসা দিবসে।’

নাঈম ও নাদিয়া

বিয়ের আগে নাঈম-নাদিয়া ভালোবাসার কথা প্রোপজ করে জানানোর সুযোগ পাননি। বিয়ের পরও সেভাবে ভালোবাসা জানানো হয়নি। তবে বিয়ে পর এ জুটির কাছে প্রোপজ মানে ‘তুমি কি যাবা? তুমি কি খাবা? আমি কি খাবো?’এমনটাই। প্রোপজের অনুভূতিটা এভাবেই প্রকাশ করে তারকা এ জুটি। বিয়ের পর ভালোবাসা আর বন্ধুত্ব আস্তে আস্তে বেড়েছে বলে জানান নাদিয়া, ‘বিয়ে পর প্রথম প্রথম বন্ধুত্বটা সেভাবে না হলেও দিন যত গেছে, ততই বন্ধুত্ব গাঢ় হয়েছে। নাঈমকে এখন আমি মোটামুটি বুঝতে পারছি। প্রথমে অনেক কিছু বুঝতে কঠিন হতো। আমি কী বলতে চাচ্ছি বা নাঈম কী বলতে চাচ্ছে—এসব বুঝতে একটু সমস্যা হতো। সময় যত যাচ্ছে, ততই মানুষটাকে চিনতে শুরু করেছি।’

ছয় বছর একসঙ্গে আছেন। অনেক কিছু জেনেছেন, দেখেছেন। ছয় বছর আগে আজকের নাঈমকে কি বিয়ে করতেন? নাদিয়ার মুখ থেকে উত্তর কেড়ে নিয়ে নাঈমের উত্তর, ‘অবশ্যই করত না। বিয়ে করার প্রশ্নই আসে না।’ এবার উত্তরটা নাদিয়ার, ‘ফিফটি ফিফটি! আমরা দুজন প্রায়ই বলি, আগে যদি জানতাম তাহলে বিয়েই করতাম না। আরেকটা জিনিস খুব বলি সেটা হলো—আসলে আমারই ভুল হয়েছে তোমাকে বিয়ে করে। তবে সত্যি কথা বলতে কী, আমি যেমন পরিবার চেয়েছি, যেমনভাবে থাকতে চেয়েছি, নাঈমের পরিবার ও নাঈম আমার ঠিক চাওয়ার মতো। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নিজের মেয়ের মতো করে নিয়েছে। আমার বাবা-মা ও ছোট বোন যেহেতু দেশের বাইরে থাকে। আমি একটা শূন্যতার মধ্যে ছিলাম। সেই শূন্যতা নাঈমের পরিবার পূরণ করেছে।’ একই বিষয় নাঈমের উত্তর, ‘আগে যেভাবে চিনতাম, সেখানে হারানোর কোনো ভয় ছিল না। তবে এখন হারানোর ভয়টা কাজ করে। অবশ্যই আমি সব সময় নাদিয়াকে চাই। চেনার পরের বিষয়টা অন্য রকম, অনুভূতিটা আলাদা।’