চেয়ারম্যান নায়ক রাজ রাজ্জাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র’ টেলিছবির শুটিংয়ে সহশিল্পীদের সঙ্গে রাজ্জাক
‘চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র’ টেলিছবির শুটিংয়ে সহশিল্পীদের সঙ্গে রাজ্জাক

সারা দেশে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। কেউ চেয়ারম্যান পদপ্রার্থী আর কেউবা মেম্বার। এদিকে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাকও চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেলেন! বিষয়টি চমকে ওঠার মতোই। প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি অভিনয়কে বিদায় জানালেন এই কিংবদন্তি এই অভিনেতা? মোটেও না। চেয়ারম্যান নির্বাচিত হলেন ঠিকই, তবে তা শুধুই ক্যামেরার সামনে। নতুন একটি টেলিছবিতে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখা যাবে। টেলিছবির নাম ‘চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র’।

সম্প্রতি রাজ্জাক অভিনীত এই টেলিছবির শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন, যাঁকে সবাই সম্রাট নামেই চেনেন। টেলিছবি নিয়ে সম্রাট বলেন, ‘এই ধরনের একটি বিষয় নিয়ে কাজ করে বেশ উপভোগ করলাম। আর অবশ্যই বেশি ভালো লেগেছে, বাবাকে নিয়ে আরও একটি টেলিছবি বানাতে পেরে। এটা আমার জন্য বিরাট সৌভাগ্য। শুধু পরিচালনা নয়, সবার আন্তরিক সহযোগিতায় এই টেলিছবিতে অভিনয় করেও আনন্দ পেয়েছি।’
গত বছরের জুন মাসে দেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক ভয়াবহভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। ‘নায়করাজ’খ্যাত এ অভিনেতার শরীরের ওপর দিয়ে এ সময় যেন রীতিমতো ঝড়ই বয়ে গিয়েছিল। বলা যেতে পারে, একেবারে মৃত্যুর দুয়ার থেকে তিনি বেঁচে এসেছেন। এরপর সম্রাট পরিচালিত একটি টেলিছবির মাধ্যমে অভিনয়ে ফেরেন রাজ্জাক। আট মাস বিরতির পর ছেলে সম্রাট পরিচালিত আরও একটি টেলিছবির মাধ্যমে ফেরা হলো রাজ্জাকের। এ প্রসঙ্গ উঠতেই রাজ্জাক বললেন, ‘আসলে বিষয়টা তেমনটা নয়। চিকিৎসক আমাকে এখন সাবধানে কাজ করতে বলেছেন। অনেক নিয়ম মেনে চলতে পরামর্শ দিয়েছেন। তা ছাড়া অভিনয়ের জন্য গল্পও একটা বড় ব্যাপার। সম্রাটের এই টেলিছবির গল্পটা ভালো লেগেছে। তাই অভিনয় করেছি। অন্য কেউ যদি ভালো গল্প নিয়ে আসেন, আর আমার যদি সময় হয় তাহলে তাঁদের নাটক-টেলিছবি কিংবা চলচ্চিত্রে কাজ করতে আমার কোনো আপত্তি নাই। আমি তো অভিনেতা, অভিনয় করাটাই আমার কাজ।’
রাজ্জাক সর্বশেষ অভিনয় করেছিলেন তাঁরই আরেক ছেলে বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ ছবিতে। রাজ্জাক পরিচালিত সাম্প্রতিক ছবির নাম ‘আয়নাকাহিনি’। ইমদাদুল হক মিলনের ‘আয়নাকাহিনি’ উপন্যাস অবলম্বনে ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।