চ্যানেল আই

কৃষকের ঈদ আনন্দ
চ্যানেল আইয়ে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে ‘কৃষকের ঈদ আনন্দ’। অনুষ্ঠানটি এবার ধারণ করা হয়েছে পদ্মাপারে, রাজবাড়ী জেলা সদরের উড়াকান্দিতে। বিশ্বকাপ ফুটবলকে ভাবনায় রেখে যুক্ত করা হয়েছে বিশ্বকাপ ও ফুটবলবিষয়ক প্রতিযোগিতা ‘মাস্ক পিকে’। অন্য প্রতিযোগিতাগুলো হলো কিষানিদের ‘কলসি কাঁখে বধূ যায়, কার কলসি কে বাঁচায়’, আর কৃষকদের ‘হাটে হাঁড়ি ভাঙা খেলা’। আরও আছে তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা, বাস্কেটে ভেজিটেবল, ঝুলে ঝুলে বাঁশ পার, বালিশ লড়াইয়ের মতো আকর্ষণীয় প্রতিযোগিতা।
অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ।
চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়
চ্যানেল আইয়ে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের গল্প থেকে নাটক চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়। পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রাণ রায়, সাবি, মাসুদ আখন্দ, জুয়েল রানা, মনির প্রমুখ।
চৌধুরী খালেকুজ্জামান এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছেন। যেভাবে হোক তাঁকে এভারেস্ট জয় করতেই হবে। তিনি ব্যতিক্রমভাবে এভারেস্ট জয় করতে চান। স্বপ্ন পূরণের জন্য বেছে নেন তাঁর স্ত্রীকে। এরপর ঘটতে থাকে নানা মজার ঘটনা।
আব্বা, ডোন্ট মাইন্ড
চ্যানেল আইয়ে ঈদের দিন রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক আব্বা, ডোন্ট মাইন্ড। লিখেছেন ফারুক হোসেন। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মোশাররফ করিম, চাঁদনী, মাসুদ আলী খান, সালাহউদ্দিন লাভলু প্রমুখ। বিত্তশালী বাবার একমাত্র সন্তান শমসের। বাবার মৃত্যুর পর সে বিপুল সম্পত্তির মালিক হবে—এই ভাবনায় শমসের বাবার মৃত্যুর আগেই দুই হাতে টাকা ওড়ায়। অনেক চেষ্টা করেও ছেলের লাগামহীন খরচ নিয়ন্ত্রণ করতে না পেরে শমসেরকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন বাবা। এরপর দ্রুত বদলে যায় শমসেরের চেনা পৃথিবী। এদিকে শমসেরের বাবার সব সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে তাজুল। বিয়ে করতে চায় শমসেরের প্রেমিকাকে। ক্রমে কঠিন হয়ে আসে শমসেরের পৃথিবী।
কুফা বিবাহ
চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে টেলিছবি কুফা বিবাহ। লিখেছেন ও পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। অভিনয় করেছেন মারজুক রাসেল, হেনা, হাসান মাসুদ, মম মোরশেদ, শবনম পারভীন, খান মোহাম্মদ ইউসুফ, রানা আলম প্রমুখ।
দুই পরিবারের সদস্যরা নানা আপত্তি সত্ত্বেও তরুণ-তরুণীর বিয়েতে রাজি হয়। বরযাত্রী মেহমানদের নিয়ে রওনা হয়। পথজুড়েই একের পর এক আনন্দমুখর ঘটনা ঘটতে থাকে। নানা বিপত্তি পেরিয়ে অবশেষে বরযাত্রী কনের বাড়ি এসে পৌঁছায়। বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে নানা জটিলতা তৈরি হয়। পরিস্থিতি একসময় বেসামাল আকার ধারণ করে।
ফ্যান
চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি ফ্যান। লিখেছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, আ খ ম হাসান, ঊর্মিলা প্রমুখ।
বিখ্যাত তারকা মোবারক করিম। তাঁর ফ্যান ফলোয়ার বলতে গেলে বাংলাদেশের শীর্ষে। ফেসবুক টুইটার ছাড়াও দেশ-বিদেশে তাঁর অসংখ্য ফ্যান। তিনি ফ্যানদের বিভিন্ন আবদার-অনুরোধ বেশির ভাগ সময় খুব উপভোগ করেন। আবার অনেক সময় অতিরিক্ত জ্বালাযন্ত্রণা শুরু হলে বিরক্তও হন। কিন্তু এই তারকা নিজেকে সামলে নিয়ে ভক্তদের হাসিমুখ উপহার দেন। একদিন ভক্তের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনায় পাল্টে যান মোবারক।
প্রেম আসে, প্রেম যায়
চ্যানেল আইয়ে ঈদের পরদিন বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি প্রেম আসে প্রেম যায়। লিখেছেন ইসরাত জাহান কাদের। পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, স্পর্শিয়া প্রমুখ।
রাশেদ নিভৃত গ্রাম থেকে শহরে এসে সফল হওয়া একজন মানুষ। অনেক সফল মানুষ যেমন তার অতীত ভুলে যায়, রাশেদও তার ব্যতিক্রম নয়। রাশেদের কৃষক বাবা শহরে এসে ছেলের দেখা পান না। ছেলে নানামুখী কাজে ব্যস্ত। একসময় রাশেদের জীবনে কাঁড়ি কাঁড়ি টাকার সঙ্গে আসে নানা বয়সী নারী। জীবনের শুরুতেই আবেগে ভালোবেসেছিল গবিব স্কুলমাস্টারের মেয়ে শিউলিকে। সেই শিউলিকেও এখন তার মনে হয় অযোগ্য। শহুরে মেয়ে দোলার প্রেমের হাতছানি। ওদিকে দোলাকে ভালোবাসে রবীন। এবার কী হবে?
কাল্পনিক চরিত্র
চ্যানেল আইয়ে ঈদের পরদিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক কাল্পনিক চরিত্র। রাবেয়া খাতুনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম। পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন শাহেদ শরীফ, রিচি সোলায়মান, আবুল হায়াত প্রমুখ।
পৃথিবীতে মানুষের ঘটে যাওয়া ঘটনা নিয়ে গল্প-কাহিনি তৈরি হয়। এসব ঘটনার অনেক চরিত্র কাল্পনিক। কিন্তু সব ঘটনাই কি কাল্পনিক? এমনি এক কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই নাটকের গল্প।
মধুময়
চ্যানেল আইতে ঈদের পরদিন রাত নয়টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক মধুময়। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন আহমেদ রুবেল, সুমাইয়া শিমু, অপূর্ব, আবদুল্লা রানা, মাহফুজ, মিশু, সালে সোহেল প্রমুখ।
প্রবাসী শিমুর কথা কেউ বোঝে না। কার,ণ সে বাংলা জানে না। শিমুর আত্মীয়স্বজন কলেজশিক্ষক অপুকে দোভাষী হিসেবে রাখে। তাদের আশা, দোভাষীর মাধ্যমে তারা শিমুকে বোঝাতে পারবে কে কে, কী কী হারে বিষয়-সম্পত্তির ভাগ পাবে। কিন্তু শিমু কিছুতেই কিছু বোঝে না। এমন সময় আবির্ভূত হয় ডন নামের এক ডাকাত। সে ধনাঢ্য শিমুকে অপহরণ করে পাঁচ কোটি টাকা দাবি করে। শিমুর মুক্তিপণের বিষয়টিও বোঝাতে ডন ধরে আনে অপুকে। শুরু হয় অন্য গল্প।
ইংরেজি শিক্ষার আসর
চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ইংরেজি শিক্ষার আসর। লিখেছেন বদরুল আনাম সৌদ। পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, শহীদুজ্জামান সেলিম, রজত, সহন প্রমুখ।
একটি অ্যাপার্টমেন্টে বসবাস করে দুটি পরিবার। একটিতে জাহিয়া ও তূর্য, আরেকটিতে বিপত্নীক মিজান সাহেব তার দুই সন্তান নিয়ে। মিজান সাহেব একসময় ইটভাটার মালিক ছিলেন। প্রয়াত স্ত্রীর ইচ্ছায় দুই সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাচ্ছেন। এখানেই দেখা দেয় বিপত্তি। দুই ছেলে সারাক্ষণ ইংরেজিতে কথা বলে, যা মিজান সাহেবের বোধগম্য হয় না। ফলে সন্তানদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।