চ্যানেল আই

আনসার আলী টকার
চ্যানেল আইয়ে ঈদের দিন দুপুর ১২টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি আনসার আলী টকার। লিখেছেন হারুন রশীদ, পরিচালনা নাদের চৌধুরী। অভিনয় করেছেন মামুনুর রশীদ, নাদের চৌধুরী, সোহেল খান, মিম, শামীমা আক্তার বেবি, সাবিহা জামান প্রমুখ। নিজ গ্রাম এবং আশপাশের গ্রামের বিয়ের অনুষ্ঠানে ডাক পড়ে টকার আনসার আলীর। তার দায়িত্ব বিয়েবাড়ির গেটে তর্কাতর্কি করে বর অথবা কনেপক্ষকে ঘায়েল করা। আনসার আলী কাজটি করেন ইংরেজি ভাষায়। এক বিয়েবাড়িতে ইংরেজিতে তর্ক করতে গিয়ে এক কিশোরের কাছে হেরে যান আনসার আলী। সেই কিশোর তাঁকে বুঝিয়ে দেয়, আনসার আলীর ইংরেজি সেকেলে এবং বিরক্তিকর। একরাশ গ্লানি নিয়ে তিনি বিয়ে বাড়ি থেকে চলে যান। ফসলের খেতের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন আনসার আলী। তার সামনে এসে দাঁড়ায় সেই কিশোর। এরপর...
বিভ্রম
চ্যানেল আইয়ে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক বিভ্রম। হুচমায়ূন আহমেদের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন লুৎফর রহমান নির্ঝর, পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন রিয়াজ, সোনিয়া হোসেন, মুনমুন আহমেদ, স্বাধীন খসরু, সৈয়দ হাসান প্রমুখ। নিউইয়র্ক ইউনিভার্সিটির লেকচারার সুজাত দেশে ফিরে আসে বিয়ে করার জন্য। সুজাতের খালা মেয়ে দেখে রাখে। একদিন এক নামি রেস্টুরেন্টে মিলি ও সুজাতের সাক্ষাৎ হয়। প্রথম দেখাতেই মিলিকে ভালো লাগে সুজাতের। প্রথম আলাপেই মিলিকে কিছু অবাঞ্ছিত প্রশ্ন করে ক্ষিপ্ত করে তোলে সুজাত। তাতে মিলির আত্মমর্যাদায় আঘাত লাগে। ক্ষিপ্ত মিলি রেস্টুরেন্ট ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু সুজাত এ প্রত্যাখ্যান কোনোভাবেই মেনে নেবে না ঠিক করে। সুজাত মিলির বাসার সামনে অনশনের ডাক দেয়...।
গণি মিয়ার কোচিং সেন্টার
চ্যানেল আইয়ে মঙ্গলবার রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক গণি মিয়ার কোচিং সেন্টার। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সজল, শায়লা সাবি, সিরাজুল ইসলাম, দিলারা জামান, আবদুল্লাহ রানা, ডা. এজাজ, জিল্লুর রহমান, শিরিন বকুল, পরেশ আচার্য প্রমুখ। বয়স্কদের জন্য কোচিং সেন্টার খুলেছে গণি মিয়া। যারা ছেলে কিংবা ছেলের বউ অফিসে গেলে চুরি করে মিষ্টি খায়, টিভি দেখে চোখ নষ্ট করে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে—তাদের দায়িত্ব গণি মিয়ার। এদিকে গণি মিয়ার মেয়ে কুমকুমকে বিয়ে করতে চায় টপ রংবাজ সাজন। মহাবিপদে পড়ে গণি মিয়া। সাজন অশিক্ষিত। ওদিকে কোচিং সেন্টারের একজন ছাত্রের মায়ের মৃত্যুকে কেন্দ্র করে মনুষ্যত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয় সাজন। এবার গণি মিয়া কী করবে?
মতিন সাহেবের চশমা
চ্যানেল আইয়ে মঙ্গলবার বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি মতিন সাহেবের চশমা। লিখেছেন ও পরিচালনা করেছেন রাজীবুল ইসলাম। অভিনয় করেছেন তারিক আনাম খান, নাঈম, সামিয়া প্রমুখ। পাড়ার মতিন সাহেব। সবাই তাকে শ্রদ্ধা করে। তার কাছে আছে একটি চশমা। চশমাটি একেবারেই অন্য রকম, কী যেন আছে চশমার মধ্যে। যে একবার চোখে পরে সে-ই অন্য রকম হয়ে যায়। তার মধ্যে অন্য রকম পাওয়ার অনুভূত হয়। কিন্তু আসল রহস্য বের হওয়ার পর সবাই অবাক!
নায়িকা
চ্যানেল আইয়ে মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক নায়িকা। রাবেয়া খাতুনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ও নির্দেশনা দিয়েছেন আবুল হায়াত। অভিনয়শিল্পী আবুল হায়াত, ওয়াহিদা মল্লিক জলি, ইন্তেখাব দিনার, কুসুম সিকদার, ইভানা প্রমুখ। আফসারি ও আঞ্জারী দুই বোন। আফসারিকে বাবা শখ করে এমএ পাস করিয়েছেন। কিন্তু তার বিয়ে হয় না। ধনী বাবার এক ছেলে আফসারীকে দেখতে গিয়ে আঞ্জারীকে বিয়ে করে। এরপর দ্রুত কিছু ঘটনা ঘটে যায়। আঞ্জারীর স্বামীর মৃত্যু হয়। কিছুদিন পর একমাত্র শিশুটিও মারা যায়। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয় সে। বিষণ্নতায় ভোগে আঞ্জারী। আফসারি এসে তার পাশে দাঁড়ায়।
ঢঙের পাগল
চ্যানেল আইয়ে বুধবার বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে টেলিছবি ঢঙের পাগল। পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। অভিনয় করেছেন জাহিদ হাসান, কুসুম শিকদার, হাসান মাসুদ, শামিমা নাজনীন প্রমুখ। পরিচালক জাহিদ হাসান। শুটিং কিংবা কোথাও কারও সঙ্গে দেখা হলেই অভিনয় আর গল্প নিয়ে পাগলামি করে। আসলে তা কাজের পাগলামি। এটা কেউ বুঝতে পারে না।
গোবর বাবু
চ্যানেল আইতে বুধবার বেলা আড়াইটায় প্রচারিত হবে হুমমায়ূন আহমেদের গল্প নিয়ে টেলিছবি গোবর বাবু। পরিচালনা করেছেন জুয়েল রানা। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, ফারুক আহমেদ, সোহেল খান প্রমুখ। নীলগঞ্জ হাই স্কুলের ড্রিল টিচার ইয়াকুব আলী সারা জীবন ছাত্রদের স্কুলে ব্যায়াম করিয়েছেন। তাই তাঁর মাথায় ব্যায়াম ছাড়া আর কিছুই কাজ করে না। ইদানীং তিনি ঘাস খাওয়া শুরু করেছেন! সে কারণে স্কুলের প্রধান শিক্ষক তাঁকে স্কুলে যেতে নিষেধ করেছেন। এখন তিনি বাড়িতে বসে বসে ব্যায়ামের বই লেখেন আর ঘাসের চাটনি খান।
কালো ঝড়
চ্যানেল আইয়ে বুধবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক কালো ঝড়। লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, তিশা প্রমুখ। এক ঝড়ের রাতে ঘর থেকে বের হয়ে আসে সেঁজুতি। একটা নতুন জীবনের স্বপ্ন তাকে হাতছনি দেয়। একই রাতে সেঁজুতির স্বামী রিফাতের সামনে আসে অর্পা। রিফাতের কাছে নিজের অবস্থান পরিষ্কার করে সে। মাসুদের ধারণা, অর্পা তাদের সংসার ভাঙনের জন্য দায়ী। অর্পার কথা এটা সম্পূর্ণ রিফাতের নিজস্ব ধারণা।
লাট সাহেবের নাতি
চ্যানেল আইয়ে রোববার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক লাট সাহেবের নাতি । লিখেছেন ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সুষমা সরকার, আল মামুন প্রমুখ। মেয়েটিকে খুব ভালোবাসে লাট সাহেবের নাতি। কিন্তু মেয়ের বাবার এক কথা, বেকার ছেলের কাছে মেয়ের বিয়ে দেবেন না তিনি। অবশেষে জানা যায় ছেলেটির চাকরি হয়েছে। বিয়ে হয়। লাট সাহেবের নাতি অফিসে যায়। তবে তার চাকরির ব্যাপারে কোনো তথ্যই জানা যায় না। একসময় ফাঁস হয়ে যায় সবকিছু।
শনিবারের চোর নাটকে নিপুণ ও রিয়াজ। বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লিখেছেন ওমর ফারুক, পরিচালনা করেছেন শামীম শাহেদ। প্রচারিত হবে চ্যানেল আইয়ে বুধবার রাত সাড়ে নয়টায়