চ্যানেল আই সেরাকণ্ঠের চ্যাম্পিয়ন তারেক

সারা দেশ থেকে অংশ নিয়েছিল ৬৫ হাজার প্রতিযোগী। দীর্ঘ আট মাস পরিশ্রমের পর চূড়ান্ত লড়াইয়ে সাত প্রতিযোগী থেকে ফিজআপ–চ্যানেল আই সেরাকণ্ঠ পঞ্চম মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছেন নোয়াখালীর আবদুল আওয়াল চৌধুরী তারেক।
কাতারের রাজধানী দোহার আল আরাবি স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে ২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে বিচারকদের রায়ে সেরার মুকুট জয় করেন তারেক। প্রথম রানারআপ হয়েছেন চট্টগ্রামের প্রান্ত এবং যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের নাবিলা ও মুন্সিগঞ্জের হৃদয়। পুরস্কার হিসেবে তাঁদের দেওয়া হয়েছে দুই লাখ টাকা।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান হারুন উর রশীদ প্রমুখ। পুরস্কার দেওয়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন সেরাকণ্ঠ পঞ্চম মৌসুমের প্রধান চার বিচারক শাহনাজ রহমতউল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপু।
অনুষ্ঠানের শুরু হয় সেরা সাত প্রতিযোগী—নাবিলা, প্রান্ত, এ্যানি, তারেক, মেরি, বিভোর ও হৃদয়ের গান দিয়ে। সেরা সাত প্রতিযোগীকে উৎসাহিত করার জন্য দেশের খ্যাতিমান সংগীতশিল্পীরা তাঁদের সঙ্গে দ্বৈত গান পরিবেশন করেন। অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করার জন্য ছিল ঈগল ড্যান্স গ্রুপের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা।
এই জমকালো মহাউৎসবে বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনায় অংশ নেন লাক্স চ্যানেল আই সুপার স্টার নাদিয়া, সেরাকণ্ঠের ঝিলিক, ক্ষুদে গানরাজের ঝুমা, এস আই টুটুল, আইয়ুব বাচ্চু, আবিদা সুলতানা, রফিকুল আলম, সুবীর নন্দী, ফাহমিদা নবী, কনা, নুসরাত ফারিয়া, ইমন, চঞ্চল চৌধুরী, তানিয়া আহমেদ, মেহের আফরোজ শাওন, পারভিন সুলতানা দিতি, রেসি, বিদ্যা সিনহা মিম, মাহি, বাপ্পি, অপু বিশ্বাস, আরিফিন শুভ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সিজিল মির্জা। পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ইজাজ খান স্বপন।