চ্যানেল আইতে হুমায়ূন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আই প্রাঙ্গণে গতকাল বিকেলে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের নিয়ে বেলুন উড়িয়ে হুমায়ূন মেলার উদ্বোধন করেন তাঁর ছেলে নুহাশ আহমেদ l ছবি: প্রথম আলো
চ্যানেল আই প্রাঙ্গণে গতকাল বিকেলে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের নিয়ে বেলুন উড়িয়ে হুমায়ূন মেলার উদ্বোধন করেন তাঁর ছেলে নুহাশ আহমেদ l ছবি: প্রথম আলো

গতকাল সোমবার ছিল জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মবার্ষিকী। তাঁর পাঠক-ভক্ত-অনুরাগীদের কথা ভেবে জন্মদিন উপলক্ষে তাঁর প্রকাশকেরা যৌথভাবে আয়োজন করেছে ‘হুমায়ূন আহমেদের বইয়ের একক মেলা’। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই হুমায়ূন আহমেদের জন্মদিনকে ‘হিমু দিবস’ ঘোষণা করে দিনব্যাপী আয়োজন করে ‘হুমায়ূন মেলা’।

রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় সাত দিনের এ বইমেলা। বেলুন উড়িয়ে গতকাল বিকেলে এ মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

হুমায়ূন আহমেদ স্মরণে ভিন্নধর্মী এ বইমেলার যৌথ আয়োজক প্রথমা, অনন্যা, অন্যপ্রকাশ, অনুপম প্রকাশনী, অবসর প্রকাশনা সংস্থা, কাকলী প্রকাশনী, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশনসহ ১৭টি প্রকাশনা সংস্থা। বইমেলা উপলক্ষে গ্রন্থাগার প্রাঙ্গণে সারিবদ্ধভাবে প্রকাশকেরা সাজিয়ে বসেছেন তাঁদের প্রকাশনী থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের বইগুলো।

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই পাঠকেরা ভিড় জমাতে শুরু করেন প্রিয় লেখকের বই কিনতে। প্রধান অতিথি কথাসাহিত্যিক সেলিনা হোসেন অন্যদের নিয়ে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। তিনি ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অবসর প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী ও হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠ বন্ধু আলমগীর রহমান, কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত, ছড়াকার আসলাম সানী প্রমুখ। হুমায়ূন অনুজ লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব হুমায়ূন আহমেদের কিছু বইয়ে মুদ্রণত্রুটি রয়ে গেছে উল্লেখ করে বানান ভুল ও মুদ্রণত্রুটি দূর করার পরামর্শ দেন। যৌথভাবে বইমেলা আয়োজন করে নতুন প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদের রচনা তুলে ধরার জন্য প্রকাশকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন হুমায়ূন আহমেদের সহধর্মিণী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানে তিনি হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠজন ও তাঁর রচনাসমগ্রের সম্পাদক প্রয়াত সাংবাদিক সালেহ চৌধুরীকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বইমেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকছে।

চ্যানেল আইতে হুমায়ূন মেলা

হুমায়ূন মেলায় ছিল ভক্তদের চঞ্চল পদচারণা। সংগীত, নৃত্য, স্মৃতিচারণার পাশাপাশি ছোট ছোট দোকানে সাজানো ছিল নানা পসরা। বেশির ভাগ ছেলের গায়ে ছিল হলুদ পাঞ্জাবি।

বিকেলে হলুদ রঙের বেলুন ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন হুমায়ূন-পুত্র নুহাশ হুমায়ূন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্যজন আতাউর রহমান, শিশুসাহিত্যিক আলী ইমাম, মেলার পৃষ্ঠপোষক এসিআই পিওর সল্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর প্রমুখ।

সমবেত নৃত্যের মধ্য দিয়ে মেলার সাংস্কৃতিক কার্যক্রমের সূচনা হয়। চ্যানেল আই ভবনের চেতনা চত্বরে স্থাপিত অনুষ্ঠান মঞ্চে তাঁর পছন্দের গান এবং হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্রে ব্যবহৃত গান পরিবেশন করেন ফেরদৌস আরা, কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, সেলিম চৌধুরী, চ্যানেল আই সেরাকণ্ঠ, খুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীরা। আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম। হুমায়ূন আহমেদ সম্পর্কে বলেছেন লেখক ইমদাদুল হক মিলন, নারী উদ্যোক্তা কনা রেজা, সময় প্রকাশনের ফরিদ আহমেদ প্রমুখ।

নাচ ও কবিতা আবৃত্তি ছাড়াও ছিল হুমায়ূন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির স্টলসহ নানা আয়োজন।

চ্যানেল আই ও রেডিও ভূমি বেলা ৩টা থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত একটানা হুমায়ূন মেলা সরাসরি সম্প্রচার করে।