চ্যানেল আইয়ে পাঁচ মিনিটের নাটক
নাটক দেখার জন্য দর্শকদের এখন শুধু ঘণ্টাব্যাপী টেলিভিশন সেটের সামনে বসে থাকার দরকার নেই। তাঁরা চাইলে পাঁচ মিনিটেই পুরো নাটক দেখতে পারবেন। বড় নাটকের পাশাপাশি এখন থেকে পাঁচ মিনিটের নাটকও চালু করতে যাচ্ছে চ্যানেল আই। এমন একটি ভাবনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। গতকাল রোববার সকালে প্রথম আলোকে পাঁচ মিনিট ব্যাপ্তির নাটক চালুর ব্যাপারটি নিশ্চিত করেন চ্যানেল আইয়ের অনুষ্ঠানপ্রধান আমীরুল ইসলাম।
শিগগিরই পাঁচ মিনিট ব্যাপ্তির নাটক চালুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে চ্যানেল আই। আমীরুল ইসলাম বলেন, ‘চ্যানেল আই প্রতিনিয়ত নতুন সব ভাবনা নিয়ে কাজ করে। তারুণ্য আর সময়ের সঙ্গে থাকার চেষ্টা করে। সেই প্রেক্ষাপট থেকে দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করে আমাদের মনে হলো, এখন থেকে সংক্ষিপ্ত আকারেও নাটক চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। আলোচনার নানা পর্যায়ে এসে আমরা সবাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পেরেছি। দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি, বড় আকারের গল্প ও উপন্যাসের পাশাপাশি পাঠকের কাছে কিন্তু ছোটগল্প ও ছোট আকারের উপন্যাসেরও আগ্রহ আছে। ঠিক তেমনি বড় দৈর্ঘ্যের নাটক ও টেলিছবির পাশাপাশি সংক্ষিপ্ত আকারের নাটক দেখার প্রতিও দর্শকের বিরাট একটা আগ্রহ আছে। সমাজের নানা পর্যায়ের মানুষের সঙ্গে কথা বলার পর এই ব্যাপারটি আরও ভালোভাবে টের পেয়েছি। আপাতত আমরা এটা নিরীক্ষা হিসেবে কাজ করছি। আমাদের দেশে তরুণেরা বেশ প্রতিভাবান। তাঁদের শুধু দরকার একটু পৃষ্ঠপোষকতা। আমরা এটাকে তরুণদের প্ল্যাটফর্ম হিসেবে দেখছি।’
চ্যানেল আই সূত্র জানিয়েছে, পাঁচ মিনিট দৈর্ঘ্যের এই নাটক নির্মাণের ক্ষেত্রে একদল তরুণ পরিচালক ও লেখক কাজ করবেন। আর এই দলের উপদেষ্টা হিসেবে থাকবেন গুণী অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন।