চ্যানেল আইয়ের আজ জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা, ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। ছবি: চ্যানেল আই থেকে পাওয়া গেছে
চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা, ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। ছবি: চ্যানেল আই থেকে পাওয়া গেছে

আজ ১ অক্টোবর ২১ বছরে পা রেখেছে চ্যানেল আই। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয় বেলা সোয়া ১১টায়। উৎসবমুখর পরিবেশে চেতনা চত্বরে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা। জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

উৎসবের উদ্বোধন করে ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আই আপনাদের মতো করে, আপনাদের রুচি অনুযায়ী সামনে এগিয়ে যাবে।’ আর শাইখ সিরাজ বলেন, ‘চ্যানেল আই যখন শুরু হয়েছিল, তখন দেশ যে জায়গায় ছিল, নিঃসন্দেহে সেখান থেকে অনেক এগিয়েছে। এই উন্নয়নের পেছনে যদি গণমাধ্যমের ভূমিকা থাকে, তাহলে নিঃসন্দেহে চ্যানেল আইয়েরও ভূমিকা আছে। আমরা মনে করি লাল–সবুজের শক্তি নিয়ে চ্যানেল আই অনেক দূর এগিয়ে যাবে।’

জন্মদিন উপলক্ষে আজ চ্যানেল আই প্রাঙ্গণে দিনব্যাপী ‘চ্যানেল আই গর্বের ২১ বছরে’ শীর্ষক মেলার আয়োজন করা হয়। এ ছাড়া উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয় প্রবীণ ও নবীন শিল্পীদের পাশাপাশি চ্যানেল আইয়ের বিভিন্ন রিয়েলিটি শোর শিল্পীদের পরিবেশনায় গান ও নাচ। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের কর্মসূচি আর দর্শকদের শুভেচ্ছা নিয়ে অনুষ্ঠান ‘আমার চ্যানেল আই’। অনুষ্ঠানগুলো প্রযোজনা করছেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু।

চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটেছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ছবি: চ্যানেল আই থেকে পাওয়া গেছে
চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটেছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ছবি: চ্যানেল আই থেকে পাওয়া গেছে

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল সোমবার। রাত ১২টা ১ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় জন্মদিন উদযাপন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের শীর্ষ দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে চ্যানেল আই। সেখানে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বাণী দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। ক্রোড়পত্রে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন।