চ্যানেল আইয়ের জন্মদিনে...

‘স্বর্ণালী সতের’ স্লোগান নিয়ে উদ্যাপিত হলো চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৬ বছর পূর্ণ করে ১ অক্টোবর ১৭ বছরে পা দেওয়ার প্রথম প্রহরে জন্মদিনের কেক কেটে শুরু হয় উদ্যাপন। গতকাল দিনব্যাপী চলে এই আয়োজন।
প্রথম প্রহরে কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রিসভার বেশ কজন জ্যেষ্ঠ সদস্য, সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতা, আইনজীবী, জাতীয় দৈনিকের সম্পাদক, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু ও চ্যানেল আই পরিবারের সদস্যরা। এই পর্বের সঞ্চালনা করেন জিল্লুর রহমান ও অপু মাহফুজ।
বেলা ১১টা ৫ মিনিটে দিনব্যাপী জন্মদিন উত্সবের উদ্বোধন করেন দেশের বিশিষ্ট শিল্পী, খ্যাতিমান লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মীরা। সারা দিন ধরে চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন দেশের খ্যাতিমান তারকা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এই আয়োজনের মধ্যেই প্রখ্যাত গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীর জনপ্রিয় গান নিয়ে সোনালি গান নামে একটি অ্যালবাম প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। এ সময় উপস্থিত ছিলেন শাইখ সিরাজসহ সাংস্কৃতিক জগতের চেনা মানুষেরা। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে আলাউদ্দিন আলীর চিকিত্সার জন্য দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। চ্যানেল আইয়ের জন্মদিনের উত্সবে গান পরিবেশন করেন আবদুল জব্বার, ফরিদা পারভীন, ফকির আলমগীর, ফেরদৌস আরা, শফি মণ্ডল, শাহীন সামাদ, বাপ্পা মজুমদার, পলাশ, রুমানা ইসলাম, দিঠি আনোয়ার, জলের গান, সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। সন্ধ্যা সাতটায় আতশবাজির মধ্য দিয়ে আরও একদফা কেক কেটে চ্যানেল আইয়ের জন্মদিন অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। এই পর্বেও অতিথি হিসেবে ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রখ্যাত ব্যক্তিরা।