চ্যানেল নাইন

স্পাই এজেন্সি
চ্যানেল নাইনে ঈদের দিন থেকে ছয় দিন প্রতিদিন সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক স্পাই এজেন্সি। লিখেছেন শাহ মো. নাঈমুল করিম, পরিচালনা করেছেন শহিদ-উন-নবী। অভিনয় করেছেন রিয়াজ, তারিক স্বপন, বিজরী বরকতুল্লাহ, শহীদুল ইসলাম সাচ্চু, সাজ্জাদ রেজা, আরফান আহমেদ প্রমুখ। সেজানের জীবনের লক্ষ্য, সে জেমস বন্ড অথবা মাসুদ রানার মতো কেউ হবে। হবে দুর্ধর্ষ একজন গোয়েন্দা। একটি প্রতিষ্ঠান খোলে সে। নাম দেয় ‘স্পাই’। কিন্তু কোনো কাজ পায় না। সহকারীদের ওপর আর ভরসা করতে পারছে না সে, এবার সেজান নিজেই পথে নামে।
অ্যাংকর স্টেপ
চ্যানেল নাইনে বুধবার রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘অ্যাংকর স্টেপ’। কোরিওগ্রাফি করেছেন তানজিল। নৃত্যে অংশ নিয়েছেন মুনমুন, নুসরাত ফারিয়া, আমব্রিন, পূজা ও সামিয়া।
কাঁচা মরিচ ও গরম ভাত
চ্যানেল নাইনে বুধবার সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে প্রচারিত হবে নাটক কাঁচা মরিচ ও গরম ভাত। লিখেছেন রাজু সিদ্দিক, পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। অভিনয় করেছেন তারিন, কল্যাণ প্রমুখ।
পিউ আর নাজিম আদালতে বিয়ে করেছে। কিন্তু কিছুদিন পর ধনী বাবার মেয়ে পিউ নাজিমের সংসারে হাঁপিয়ে ওঠে। তার পাশে এসে দাঁড়ায় পাশের ফ্ল্যাটের এক ভাবি। ধীরে ধীরে পিউয়ের হতাশা কেটে যায়। তার এই পরর্বতনে নাজিম খুশি। বাড়ির মালিক জানায়, পাশের ফ্ল্যাটে কেউ থাকে না। অনেক দিন আগে ওই ফ্ল্যাটে একটি খুন হয়েছিল। এ কথা শুনে নাজিম চমকে ওঠে!
অ্যাঙ্গার স্টোরি
চ্যানেল নাইনে মঙ্গলবার রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক অ্যাংগার স্টোরি। লিখেছেন ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয় করেছেন মিথিলা, জন প্রমুখ। স্বপ্ন যে অধরাকে কত ভালোবাসে, তা আর প্রকাশ করা হয়ে ওঠে না। রাতে ফেসবুকে অধরার ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে সে। এদিকে অধরা একদিন অন্যের হয়ে যায়। হয়ে যায় সেজানের। অধরা সেজানকে খুব ভালোবাসে। কিন্তু সেজান? অন্যদিকে, অধরাকে হারিয়ে স্বপ্ন মানসিকভাবে বিপর্যস্ত। আর অধরা বুঝতে পারে না সেজান তার জীবনের কত বড় ভুল।
আগন্তুক
চ্যানেল নাইনে ঈদের দিন রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক আগন্তুক। লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। অভিনয় করেছেন মৌ, জিতু আহসান, সাজু খাদেম প্রমুখ।
শায়লার কাছ থেকে ডিভোর্সের কাগজ পেয়ে চমকে ওঠে জামান। স্ত্রীকে বাসায় আসার জন্য অনুরোধ করে। সমস্যাগুলো নিয়ে তারা আলোচনা করবে। কিছুক্ষণ পর দরজার বেল বেজে ওঠে। দরজা খুলতেই শায়লা নয়, মাঝবয়সী একটি লোক ঢুকে পড়ে বসার ঘরে। কে এই লোক? কী চায় সে? আবার দরজার বেল বেজে ওঠে। এবার শায়লা এসেছে। না, কোনো আলোচনা নয়, এই নাছোড়বান্দা আগন্তুকের হাত থেকে রক্ষা পেতে একজোট হয়ে কাজ করে জামান আর শায়লা।
সড়কের নামে নাম
চ্যানেল নাইনে মঙ্গলবার বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি সড়কের নামে নাম। পরিচালনা করেছেন দীপংকর দীপন। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নাদিয়া প্রমুখ। নদীর ঘাট থেকে বাজার পর্যন্ত নতুন পাকা রাস্তা উদ্বোধন হয়। বাজারের ওষুধের দোকানের মালিক আনোয়ার চায়, এই সড়কের নাম তার নামে হোক। এ কাজে কিছু টাকা খরচ করেছে সে। পুরো রাস্তা নয়, শেষ পর্যন্ত রাস্তার একটি মোড় তার নামে হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এদিকে মোড়ে বাসের চাপায় এক কুকুর মারা পড়ে। তারপর লোকমুখে সেই মোড়ের নাম হয় ‘কুত্তা মরা মোড়’। অবশেষে মোড়টির নাম হয়ে যায় ‘কুত্তা মরা আনোয়ারের মোড়’। বাক্রুদ্ধ হয়ে যায় আনোয়ার। এদিকে যার জন্য এত চেষ্টা, সেই তানিয়া এবার শর্ত জুড়ে দেয়, মোড়ের নাম থেকে আনোয়ারের নাম বাদ দিতে হবে।
অন্তর্জাল
চ্যানেল নাইনে মঙ্গলবার সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে প্রচারিত হবে নাটক অন্তর্জাল। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন অপূর্ব, তানজীন তিশা, জাকারিয়া মুকিত, রনি (মিরাক্কেল)।
ঘুম থেকে উঠে বিছানার চারপাশে ছড়িয়ে থাকা কামিনীর গন্ধ পায় সুদীপ্ত। কিন্তু আশপাশে কেউ নেই। সকালে কামিনী ফুলের গাছ খুঁজতে গিয়ে পরিচয় হয় আলোর সঙ্গে। এদিকে রাতের অন্ধকারে সে আলোকে আবিষ্কার করল আলেয়া রূপে। আলো ও আলেয়ার মধ্যে রহস্য উদ্ঘাটন করতে মরিয়া হয়ে ওঠে সুদীপ্ত।
‘সাকিব দ্য সুপার স্টার’ অনুষ্ঠানে মোশাররফ করিম, মৌসুমী হামিদ, শখ, শিশির, সাকিব আল হাসান, আনিসুল হক ও গাউছুল আলম শাওন। চ্যানেল নাইনে ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে আড্ডা আর নানা পরিবেশনার এই অনুষ্ঠান।