ছবি বানাবেন রিচি সোলায়মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচি সোলায়মান। ছবি: সংগৃহীত
রিচি সোলায়মান। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র প্রযোজনা ব্যবসায় নামার ঘোষণা দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। রিচি বললেন, ‘সবকিছু গুছিয়ে এবার চলচ্চিত্র প্রযোজনা শুরু করব। এমন কিছু চলচ্চিত্র নির্মাণ করব, যা শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজার, বিশেষ করে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।’

বেশ কিছুদিন আগে অভিনয়জীবনের ২০ বছর পূর্ণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। দুই দশকের অভিনয়জীবনে নাটকে অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, মডেল ও নাট্য প্রযোজক হিসেবেও সফলতার সঙ্গে কাজ করেছেন। এবার তিনি চলচ্চিত্র প্রযোজনার দিকে নজর দিচ্ছেন। রিচি বলেন, ‘এখন “কনটেন্ট”-এর যুগ। বিশাল বাজেট কিংবা বহু তারকার প্রলোভন দেখিয়ে দর্শককে তুষ্ট করা যায় না। এখন নতুন স্বাদের গল্প দিয়ে দর্শকদের আকৃষ্ট করা যায়। আমি সে ধরনেরই কিছু চলচ্চিত্র প্রযোজনা করব।’

রিচি সোলায়মান গত ১৩ জুন সন্তান নিয়ে দেশে ফিরেছেন। সম্প্রতি তিনি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনে আমন্ত্রিত হয়েছিলেন। সে অনুষ্ঠানে রিচি আরও বলেন, ‘আমি আমেরিকাপ্রবাসী হলেও দেশের কথা, দেশের সংস্কৃতির কথা সব সময় মনে পড়ে।’ যদিও বেশ কিছুদিন আগে স্থানীয় মঞ্চনাটকেও কাজ করেছেন। খুব শিগগির আবারও সেখানকার মঞ্চে দেখা যাবে তাঁকে। এবার দেশে ফিরেও একটি রিয়েলিটি শোতে উপস্থাপনা করেছেন তিনি। রিচি বলেন, ‘আমার এখন যে জীবন, সে জীবনটাই আমি সব সময় চেয়েছি। স্বামী-সন্তান নিয়ে সংসার ও তার ফাঁকে নিজের কাজ—এক জীবনে যা পেয়েছি, আমি সন্তুষ্ট।’

‘রাঙা সকাল’ অনুষ্ঠানের শুটিংয়ে রিচি সোলায়মান। ছবি: সংগৃহীত
‘রাঙা সকাল’ অনুষ্ঠানের শুটিংয়ে রিচি সোলায়মান। ছবি: সংগৃহীত

রুম্মান রশীদ খান ও লাবণ্যর উপস্থাপনায়, রকিবুল আলম ও জোবায়ের ইকবালের প্রযোজনায় রিচিকে নিয়ে বিশেষ এই ‘রাঙা সকাল’ প্রচারিত হবে আসছে ঈদুল আজাহার তৃতীয় দিন সকাল সাতটায়, মাছরাঙা টেলিভিশনে।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান একাধারে বিজ্ঞাপন ও নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে দেড় শতাধিক খণ্ড নাটকে দেখা গেছে তাঁকে। ৪০টিরও বেশি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি।

২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত পুলিশ কর্মকর্তা রাসেকুর রহমান মালিকের সঙ্গে রিচির বিয়ে হয়। দুই সন্তানের জননী রিচি সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্র থেকে তিন মাসের জন্য ঢাকায় এসেছেন তিনি। এসেই এক মাস ঘুরেছেন। এরপর শুটিং। তিনি বলেন, ‘ঈদের আগে এসেছি। অনেকের কাছ থেকে অনুরোধও পাচ্ছি নাটকে অভিনয়ের। তাই “না” করতে পারিনি। অভিনয়ও করছি।’