ছিঁচকে চোর থেকে সন্ত্রাসী হবেন রিজু
সদরঘাটে কোমরে গামছা বাঁধা চলচ্চিত্র পরিচালক রিয়াজুল রিজুকে দেখে ভড়কে যাবেন না। এখন তিনি ছিঁচকে চোর। কদিন পর নাকি দেখা দেবেন সন্ত্রাসী রূপে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই পরিচালক ক্যামেরার পেছন থেকে চলে এলেন সামনে। গাজী টিভির ‘অ্যাকশন আওয়ার’ বিভাগে কৃষ্ণগহ্বর নামের ছয় পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করলেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে। নাটকটি নিয়ে বললেন, ‘একসময় থিয়েটার করেছি। গাজী টিভির অ্যাকশন আওয়ারে অভিনয় করলাম। আমার চরিত্রটি হচ্ছে লঞ্চঘাটের এক ছিঁচকে চোরের। চোরটা তার চেয়ে একটু ভালো মেয়ের সঙ্গে প্রেম করে। এরপর মেয়েটি ওকে রেখে যে হোটেলে কাজ করে তার ম্যানেজারকে বিয়ে করে। তখন চোরটা খেপে যায়। এক সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত হয় এবং বড় ধরনের সন্ত্রাসী হয়ে যায়।’
নাটকটি পরিচালনা করেছেন মেহেদি হাসান। আরও অভিনয় করেছেন মিহি আহসান, জয়রাজ, সাব্বির আহমেদ, সানজিদা তন্ময়সহ আরও অনেকে। খুব শিগগির গাজী টিভিতে নাটকটি প্রচারিত হবে।