ছোট কাকু সিরিজে কোনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিংয়ের ফাঁকে অভিনয়শিল্পী কোনালের সঙ্গে নির্মাতা আফজাল হোসেন
শুটিংয়ের ফাঁকে অভিনয়শিল্পী কোনালের সঙ্গে নির্মাতা আফজাল হোসেন

চলচ্চিত্রের পর এবার টিভি নাটকে অভিনয় করছেন গায়িকা কোনাল। গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেনের পরিচালনায় ঈদের জন্য নির্মিতব্য গোয়েন্দা সিরিজ ‘ছোট কাকু’তে অভিনয় করবেন তিনি।
এই নাটকে কোনালের চরিত্রের নাম রুমা; যে কিনা বিদেশে পড়াশোনা করে। কোনো এক রহস্যজনক দুর্ঘটনায় তার বাবা মারা যায়। এরপর সিদ্ধান্ত নেয় নিজেই বাবার খুনিকে খুঁজে বের করবে। তারপর বাংলাদেশে চলে আসে। শুরু হয় তার মিশন।
কোনাল বলেন, ‘ছোটবেলায় ফেমাস ফাইভ, সিক্রেট সেভেনসহ আরও নানা ধরনের রহস্য উপন্যাস পড়তাম। এসব উপন্যাস পড়ে বন্ধুরা মিলে গোয়েন্দাগিরি করার ব্যাপারস্যাপার কল্পনা করতে দারুণ লাগত। তেমনি একটা রহস্য উপন্যাস “ছোট কাকু” সিরিজে আমি কাজ করছি! এটা আমার ভীষণ প্রিয় সিরিজ। আর সাগর আঙ্কেলের রহস্যময় প্লটগুলো এত মজার, অবাক লাগে। এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার যে ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেনের মতো গুণী মানুষের সান্নিধ্যে কাজ করতে পারছি।’
ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ অবলম্বনে তৈরি এই ধারাবাহিকটি ঈদুল আজহায় চ্যানেল আইতে দেখানো হবে।
কোনাল প্রথম অভিনয় করেছিলেন লালটিপ সিনেমায়।