ছয় পর্বের 'বেতার ভালোবাসা'

গত মাস থেকে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে ছয় দিনের ছোট ধারাবাহিক। এবারের গল্পটি একটি রেডিও স্টেশনের নানা ধরনের ঘটনা কেন্দ্র করে। রেডিও অম্বর নামের স্টেশনটির নানা ধরনের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ছয় পর্বের নাটক ‘বেতার ভালোবাসা’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় আরজে নওশীন। মিনি ধারাবাহিকটি পরিচালনা করেছেন আরেফিন অমি। নওশীনের পাশাপাশি এই ধারাবাহিকে দেখা যাবে ইমন ও আফরান ফারিয়াকে।
মিনি ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, রেডিও স্টেশনটি ভালো-মন্দ, হাসি-কান্নায় জড়ানো একটা ছোট পরিবার। তাদের নতুন শো ‘সপ্তাহ জুড়ে ভালোবাসা’ প্রথম দুদিনেই জনপ্রিয় হয়। আরজে নওশীনের সঙ্গে প্রতিদিন একজন সেলিব্রেটি শেয়ার করেন তাঁদের অজানা প্রেমের গল্প। কিন্তু তৃতীয় দিনই আরজে জানায় সে আর এই শোটি করবে না। সেই কারণটি জানা যাবে ধারাবাহিকে।
এটি প্রচার হবে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং রাত সাড়ে ৯টায়।