জনের বেশেই জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন
জন

নানা উৎসব-পার্বণে টিভি পর্দায় দেখা মেলে জনের। বিশেষ দিনগুলোয় নাটক-টেলিফিল্মে অভিনেতা হিসেবে আবির্ভূত হন গায়ক জন। তবে এবার আর উৎসবের অপেক্ষা নয়। জনকে উৎসব ছাড়াই পাওয়া যাবে টিভি পর্দায়। না, নাটক কিংবা কোনো টেলিফিল্মে নয়, একটি বিজ্ঞাপনে। এতে জনকে দেখা যাবে তাঁর স্বনামে।
একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য এই বিজ্ঞাপনটি তৈরি করেছেন মেজবাউর রহমান সুমন। যিনি নিজেও নাটক ও বিজ্ঞাপন নির্মাণের পাশাপাশি আছেন গানের দল ‘মেঘদল’-এর সঙ্গে। জন বলেন, ‘সুমনের সঙ্গে গানের জের ধরে পরিচয় অনেক আগে থেকেই। এবার পরিচালক হিসেবে তাঁকে পেয়ে আমার জন্য কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। অনেক উপভোগ করেছি শুটিংয়ের সময়টা।’
বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে পদ্মায়। মাঝনদীতে। ফেরির ওপর। সেখানে আটকে যাওয়া এক ব্যান্ড দল, দলের শিল্পী জন ও এক তরুণকে নিয়েই এ বিজ্ঞাপনচিত্র সাজানো হয়েছে। নতুন বিজ্ঞাপনটিতে জুড়ে দেওয়া হয়েছে জনের ব্যান্ড ইনডালোর অপ্রকাশিত অ্যালবাম থেকে একটি আনকোরা গান। ‘আইএসডি’ শিরোনামের এ গানটি এর আগে ইউটিউবে ছাড়া হয়েছে। জন জানান, এ মুহূর্তে ইনডালোর নতুন অ্যালবাম নিয়েই ব্যস্ত তিনি। আসছে বছরের মার্চ কিংবা এপ্রিলে নাম ঠিক না হওয়া অ্যালবামটি তাঁরা মুক্তি দেবেন।
জনকে এর আগেও এই একই মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল বেশ কয়েক বছর আগে। এবারের বিজ্ঞাপনটি তৈরি করেছে বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ। আর এর প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ছিল ফেসকার্ড। পরিচালক মেজবাউর রহমান সুমন জানান, শিগগিরই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।