জন্মদিনে হুমায়ূনকে নিয়ে শাওন

আগামীকাল বৃহস্পতিবার লেখক ও সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। এ উপলক্ষে নানা ধরনের আয়োজন থাকছে চ্যানেলেগুলোয়। তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন নির্মাণ করেছেন নাটক। করেছেন গানের অনুষ্ঠান উপস্থাপনা। শাওনের নির্মিত অনিশ্চিত মেঘেদের যাত্রা নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইতে। নাটকটি নিয়ে মেহের আফরোজ শাওন বলেন, ‘এটি হুমায়ূন আহমেদের ছোটগল্প “জুয়া” থেকে নির্মিত। সৈয়দ হাসান ইমামের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তাঁর মতো গুণী শিল্পীকে হুমায়ূন আহমেদের নাটকে পেয়ে ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’ সৈয়দ হাসান ইমাম ছাড়াও শবনম ফারিয়া, ফারাবিসহ অনেকেই অভিনয় করেছেন। অনিশ্চিত মেঘেদের যাত্রা প্রচারিত হবে আগামীকাল সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে।
মাছরাঙা টেলিভিশনের একটি গানের অনুষ্ঠানও উপস্থাপন করছেন শাওন। ‘ও আমার উড়ালপঙ্খি’ নামের অনুষ্ঠানটিতে তাঁর সঙ্গে অতিথি হিসেবে থাকছেন সুবীর নন্দী ও এস আই টুটুল। হুমায়ূন আহমেদের ছবিতে গান করতে গিয়ে তাঁর সঙ্গে বেশ সখ্যও গড়ে উঠেছিল এই দুই শিল্পীর। এসব গান তৈরির পেছনের গল্পই উঠে আসবে ‘ও আমার উড়ালপঙ্খি’ অনুষ্ঠানে।
অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল বিকেল পাঁচটা দুই মিনিটে। এ ছাড়া জন্মদিন উপলক্ষে চ্যানেল আই হুমায়ূন মেলা, গানের অনুষ্ঠানসহ হুমায়ূন আহমেদ নির্মিত শ্রাবণ মেঘের দিন ছবিটি দেখানো হবে।