জাতির বিবেকের কাছে তুষ্টির প্রশ্ন

‘আচ্ছা, গানের শিল্পীরা কেন নাটক করেন, জাতির বিবেকের কাছে প্রশ্ন।’ সামাজিক যোগযোগমাধ্যমে জাতির কাছে এ রকম এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী শামীমা তুষ্টি। সেখানে তিনি নিজেই লিখেছেন, ‘কাজ নেই তাঁদের।’
আজ শুক্রবার বেলা দেড়টার কিছু পরে লেখা ওই পোস্টে মতামত জানান তুষ্টির বন্ধু ও ভক্তরা। সেখানে তিনি আরও প্রশ্ন তুলেছেন, টিভি নাটকে গানের শিল্পীদের চাহিদা তৈরির পেছনে কারা কাজ করছে? পেশাদার অভিনয়শিল্পীরা যেখানে নামমাত্র সম্মানী পাচ্ছেন, সেখানে গানের শিল্পীরা মাত্র কয়েকটি সিকোয়েন্সের শুটিংয়ের জন্য নিচ্ছেন এক থেকে দেড় লাখ টাকা।
তুষ্টি জানান, এর সবই এজেন্সি, পরিচালক, চ্যানেলগুলো ঠিক করে দিচ্ছে। আজ বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রত্যেক শিল্পীর উচিত যাঁর যাঁর নিজের ক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজ করা। নিজের কাজটিকে ভালোবেসে করতে পারলে সেই অঙ্গনটিকে সমৃদ্ধ করা যাবে, দর্শক-শ্রোতাদের বিনোদিত ও অনুপ্রাণিত করা যাবে।’
লোকনাট্যদলের কর্মী শামীমা তুষ্টির কাছে জানতে চাওয়া হয়, অভিনয় রেখে আপনিও গান করছেন না কেন? এটাই তো এখনকার রীতি। তুষ্টি বলেন, ‘আমি মঞ্চের মেয়ে। অভিনয়ের পাশাপাশি নাচ, গান—সবই আমার জানা। চাইলে করতেও পারি। কিন্তু একরকম বিরক্ত হয়েই নাচ ছেড়ে দিয়েছি। নাচ না–জানা মানুষেরা টিভি ও মঞ্চের নানা অনুষ্ঠানে নাচের নামে যা করছে, সেসব মেনে নেওয়া যায় না। একধরনের অশিক্ষার মধ্যে দিয়ে বিনোদন ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে।’
আসছে ঈদুল আজহায় বেশ কিছু টেলিভিশন নাটকে দেখা যাবে শামীমা তুষ্টিকে। এগুলোর মধ্যে রয়েছে সালাহউদ্দিন লাভলুর ‘বউ তুমি কার’, ইদ্রিস হায়দারের ‘আল্লি পাপ্পা চোর চোর’। এ ছাড়া ঈদ উপলক্ষে সুমন আনোয়ারের একটি টেলিছবিতেও কাজের কথা রয়েছে তাঁর। বর্তমানে টেলিভিশনে চলমান ধারাবাহিকগুলোর মধ্যে শামীমা তুষ্টিকে দেখা যাবে ‘স্বর্ণলতা’, ‘অলসপুর’, ‘থ্রি সিস্টার্স’ নাটকগুলোতে।
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত এই অভিনেত্রী। ‘মানুষ ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠনের মাধ্যমে বন্ধুদের নিয়ে শিশুদের জন্য কাজ করছেন তিনি। নিজেদের অর্থায়নে ইতিমধ্যে ঈদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা দিয়েছেন তাঁরা। সোমবার ত্রাণ বিতরণে যাচ্ছেন জামালপুর। স্বাবলম্বী হওয়া পর্যন্ত ১০ জন শিশুর পড়ালেখার দায়িত্ব নিয়েছে ‘মানুষ ফাউন্ডেশন’।
তুষ্টি জানান, ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছে আছে তাঁর। তাতে আরও বেশি মানুষের জন্য কাজ করার সুযোগ তৈরি হবে। তিনি বলেন, ‘দেশ স্বাধীনের পর আমার বাবা মুক্তিযোদ্ধা মহিব-উল-ইসলাম ঢাকায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন। আমি মনে করি, দেশ গড়ার জন্য আমাকেও এগিয়ে আসতে হবে।’