জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে সাজ্জাদকে শেষ শ্রদ্ধা
অভিনেতা মাহমুদ সাজ্জাদকে শেষ শ্রদ্ধা জানাতে কাল সোমবার তাঁর মরদেহ নেওয়া হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। বেলা ১১টা থেকে ভক্ত–অনুরাগী ও সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানাবেন তাঁকে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মাহমুদ সাজ্জাদ শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’।
মাহমুদ সাজ্জাদ রেখে গেছেন স্ত্রী এবং দুই ছেলে উপল ও অঞ্জনকে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে বড় মাহমুদ সাজ্জাদের মেজো ভাই বাংলাদেশের টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ এবং ছোট ভাই সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মাহমুদ সাজ্জাদের মরদেহ কাল ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।